শুক্রবার ৩১ জুলাই, ২০২৬

কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি ফারুক, সম্পাদক জিতু

রাইজিং কুমিল্লা ডেস্ক

RisingCumilla - Faruk elected President, Jitu Secretary in Cumilla Press Club election.

কুমিল্লা প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

নির্বাচনে ৭১ টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি এনামুল হক ফারুক সভাপতি এবং দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের হুমায়ুন কবির জীবন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেস ক্লাব প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার শাহ আলমগীর খান ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার আবুল হাসনাত বাবুল ও বদরুল হুদা জেনু উপস্থিত ছিলেন।

জানা গেছে, নির্বাচনে মোট ৭০ জন ভোটারের মধ্যে ৬৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৪টি ভোট বাতিল ঘোষণা করা হয়। ১৭টি পদের বিপরীতে মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রিপন চন্দ্র দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি পদগুলোতে ভোটগ্রহণের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা হয়।

নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি হয়েছেন মোহনা টেলিভিশনের তাওহীদ হোসেন মিঠু এবং দৈনিক ইনকিলাব-এর সাদিক হোসেন মামুন। সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার দেলোয়ার হোসেন আকাইদ।

এছাড়া অর্থ সম্পাদক পদে দৈনিক আমার দেশ-এর শাহ আলম শফি, দপ্তর সম্পাদক পদে দৈনিক কুমিল্লার আলো-এর ওমর ফারুক তাপস, পাঠাগার সম্পাদক পদে জি এম জামাল উদ্দিন দামাল, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সাপ্তাহিক মেঘগতি-এর আসিফ হোসাইন মান্না এবং সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর দিলীপ মজুমদার নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের পাতা-এর এইচ এম জাকারিয়া মানিক, যমুনা টেলিভিশনের রফিকুল ইসলাম খোকন চৌধুরী, ডেইলি নিউজ এজ-এর ইয়াসমনি রীমা, এখন টেলিভিশন-এর খালিদ সাইফুল্লাহ এবং বৈশাখী টেলিভিশন-এর মো. আনোয়ার হোসাইন।

নির্বাচন কমিশনার বদরুল হুদা জেনু বলেন, “দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১৭টি পদের জন্য ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে।”

নবনির্বাচিত কমিটির নেতারা কুমিল্লা প্রেস ক্লাবের ঐতিহ্য সমুন্নত রাখা, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং ক্লাবের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আরও পড়ুন