
কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের অর্থ পুরস্কার প্রদান করা হয়।
মঙ্গলবার (১৯ মে) কুমিল্লা পুলিশ লাইন্সের ড্রিলশেড শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।
কল্যাণ সভায় জেলার বিভিন্ন ইউনিট থেকে আসা পুলিশ সদস্যরা তাদের পেশাগত ও প্রশাসনিক বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে সেসব সমস্যা শোনেন এবং দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সভায় পুলিশ সুপার সদস্যদের পেশাদারিত্ব, প্রশাসনিক শৃঙ্খলা, নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে সকলকে আরও সতর্ক থাকতে হবে।
এসময় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, যানজট নিয়ন্ত্রণ, জাল টাকা প্রতিরোধ, চুরি-ছিনতাই রোধ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় গত এপ্রিল ২০২৬ মাসের বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক এবং সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মো. শাহীন নির্বাচিত হন।
এছাড়া শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ‘ক’ ক্যাটাগরিতে কোতোয়ালী মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার এবং ‘খ’ ক্যাটাগরিতে হোমনা থানার ওসি টমাস বড়ুয়া নির্বাচিত হন। মাদক উদ্ধার কার্যক্রমে বিশেষ অবদানের জন্য ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেনকে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
পরে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত কর্মকর্তা ও ফোর্সদের অর্থ পুরস্কার প্রদান করা হয়। একইসঙ্গে ভবিষ্যতেও ভালো কাজের জন্য সদস্যদের উৎসাহিত করা হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইশতিয়াক হাসান আমীনসহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।









