
কুমিল্লা নগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের বাসভবন ও দলটির দক্ষিণ জেলা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে নগরের মুন্সেফবাড়ি এলাকায় বাহারের বাড়ির নিচতলায় এবং রামঘাট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়। এ নিয়ে বাহারের বাড়িতে তিনবার অগ্নিসংযোগের ঘটনা ঘটল।
জানা গেছে, গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা অগ্নিসংযোগ করেন। এরপরই এ ঘটনা ঘটল। রাতে নগরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল লোক স্লোগান দিতে দিতে নগরের রামঘাট এলাকায় আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয়ের সামনে যান। সেখানে গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়ার একপর্যায়ে কার্যালয়ের সামনে আগুন জ্বালানো হয়।
অন্য একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক মিছিল নিয়ে মুন্সেফবাড়ি এলাকায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের বাসভবনের সামনে যান। সেখানে স্লোগান দেওয়ার পর বাড়ির নিচতলার কলাপসিবল গেটের ভেতরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে বাড়ির সামনেও কাগজ ও কাঠে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়।
বাড়িটির নিচতলায় বাহাউদ্দীন বাহারের ব্যক্তিগত কার্যালয় ছিল। তবে অগ্নিসংযোগের সময় কেউ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেননি বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। কেউ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেননি। কয়েকজন যুবক বাইরে অবস্থান করে কাগজের মাধ্যমে আগুন ধরিয়ে দেন।
উল্লেখ্য, কুমিল্লা-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন নগরের মুন্সেফবাড়িতে তাঁর বাসভবনে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি দিবাগত রাতেও বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সর্বশেষ মঙ্গলবার রাতে আবারও আগুন দেওয়ার ঘটনা ঘটল।









