
জাতীয় সংসদে কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) বর্জ্য দূষণ নিয়ে ক্ষোভ প্রকাশ এবং তদন্তের দাবি ওঠার পর এবার ইপিজেডের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) পরিদর্শন করেছে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একটি প্রতিনিধিদল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) পরিদর্শনকালে বর্জ্য শোধনাগারের বিভিন্ন স্থান, পানি নিষ্কাশনের আউটলেট এবং কুমিল্লা সিটি করপোরেশনের ড্রেন থেকে পানির নমুনা সংগ্রহ করা হয়।
পরিবেশ অধিদপ্তরের এ উদ্যোগের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা ইপিজেডের বর্জ্য দূষণসংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে। সংগৃহীত নমুনা পরীক্ষা, দূষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে প্রকৃত পরিস্থিতি যাচাই করা হবে বলে জানিয়েছে প্রতিনিধিদল।
এর আগে সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী কুমিল্লা ইপিজেডের বর্জ্য দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, ইপিজেডের বর্জ্যের কারণে আশপাশের এলাকার কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। দূষিত পরিবেশে বসবাস ও কাজ করার কারণে স্থানীয় বাসিন্দারাও বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।
বিভিন্ন সময়ে এ বিষয়ে অভিযোগ জানিয়েও কার্যকর প্রতিকার না পাওয়ার কথা উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।
মঙ্গলবার পরিদর্শন শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের পরিচালক জমির উদ্দিন সাংবাদিকদের বলেন, ইপিজেডের তরল ও কঠিন বর্জ্যের বিভিন্ন পর্যায় থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ রয়েছে, সেগুলোও পরিদর্শন করা হবে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি সিটি করপোরেশনের প্রতিনিধিদের মতামত নেওয়া হবে। সবকিছু পর্যবেক্ষণ ও বিশ্লেষণের পর এ বিষয়ে বিস্তারিত ফলাফল জানানো সম্ভব হবে।
তিনি বলেন, ইপিজেড কর্তৃপক্ষের দাবি, তারা বর্জ্য পরিশোধন করেই নিষ্কাশন করে থাকে। এ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের আইপি ক্যামেরার ডিসপ্লে সিটি করপোরেশন ও জেলা প্রশাসকের কার্যালয়ে প্রদর্শনের পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া পরিশোধিত পানি যে নিম্নাঞ্চলে প্রবাহিত হচ্ছে, সেখানে পরিবেশ ও জনজীবনের কোনো ক্ষতি হচ্ছে কি না, সেটিও পরীক্ষা করে দেখা হবে।
ইপিজেডের নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম বলেন, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের বাইরে বর্জ্য নিষ্কাশনের আর কোনো ব্যবস্থা নেই। শতভাগ বর্জ্য পরিশোধন করার পরই পানি নিষ্কাশন করা হয়। প্রতিদিন প্রায় আট হাজার ঘনমিটার বর্জ্য সিইটিপিতে পরিশোধন করা হচ্ছে। নয়টি আইপি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিকভাবে শোধনাগারের কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়।
তিনি আরও দাবি করেন, নিয়মিত পরীক্ষার পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরীক্ষার প্রতিবেদনেও ইপিজেডের পরিশোধিত বর্জ্যের মান পরিবেশ অধিদপ্তরের নির্ধারিত সীমার মধ্যে রয়েছে।
অন্যদিকে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মাইনুদ্দিন চিশতী বলেন, সিটি করপোরেশনের বর্জ্যের কারণে এ দূষণ হচ্ছে না। সিটি করপোরেশনের অন্যান্য ড্রেনের পানির নমুনা এবং ইপিজেডের ড্রেনের পানির নমুনা পরীক্ষা করে তুলনা করলেই দূষণের প্রকৃত উৎস সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
তিনি বলেন, তারা ইপিজেডের বিপক্ষে নন। বরং বর্জ্য পরিশোধন ব্যবস্থাকে আরও উন্নত করে এ সমস্যার স্থায়ী সমাধান চান।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে, কুমিল্লা সদর দক্ষিণের ইপিজেড-সংলগ্ন এলাকার খাল ও কৃষিজমিতে অপরিশোধিত বর্জ্য ফেলার কারণে কৃষিজমি, মৎস্যসম্পদ ও জলজ পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দূষিত পানিতে কাজ করতে গিয়ে স্থানীয় বাসিন্দারা নানা ধরনের স্বাস্থ্য সমস্যায় পড়ছেন। একই সঙ্গে বর্জ্যের তীব্র দুর্গন্ধে আশপাশের এলাকার পরিবেশও দূষিত হচ্ছে। তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ইপিজেড কর্তৃপক্ষ।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শন দলে আরও ছিলেন কুমিল্লা কার্যালয়ের উপপরিচালক সালমান চৌধুরী শাওন, সহকারী পরিচালক শ্রীরূপ মজুমদার, পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর এবং কুমিল্লা সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী মো. ইউসুফ।










