
নবগঠিত কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন উদবাতুল বারী আবু।
রোববার (১৪ জুন) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুকে কুউকের চেয়ারম্যান (গ্রেড-২) পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর ধারা ৮(১) অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন তিনি। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
সম্প্রতি কুমিল্লা শহর ও পার্শ্ববর্তী এলাকার পরিকল্পিত নগরায়ণ, অবকাঠামো উন্নয়ন, আবাসন ব্যবস্থাপনা ও ভূমি উন্নয়ন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সরকার কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে। নবগঠিত এই সংস্থার প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন উদবাতুল বারী আবু।
সংশ্লিষ্টদের মতে, কুউকের মাধ্যমে কুমিল্লার দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান প্রণয়ন, আবাসন উন্নয়ন, সড়ক অবকাঠামো সম্প্রসারণ, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা বাস্তবায়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। দীর্ঘদিনের অপরিকল্পিত নগরায়ণ ও নাগরিক সমস্যার সমাধানে একটি স্বতন্ত্র উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের দাবি ছিল স্থানীয়দের।
চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়ায় উদবাতুল বারী আবু বলেন, “আজ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদানপত্রে স্বাক্ষর করার সৌভাগ্য অর্জন করেছি। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই, যিনি আমার ওপর আস্থা রেখেছেন। আমি যেন অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে কুমিল্লাবাসীর প্রত্যাশা পূরণ করতে পারি, সে জন্য সবার দোয়া কামনা করছি।”
উল্লেখ্য, উদবাতুল বারী আবু ২০২৫ সালে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। এর আগে তিনি মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র সংসদে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি কুমিল্লা শহর ছাত্রদলের সভাপতির দায়িত্বও পালন করেছেন।
এদিকে কুউকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।









