শুক্রবার ২৬ জুন, ২০২৬

কুমিল্লার মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের সঙ্গে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক

রাইজিং কুমিল্লা ডেস্ক

কুমিল্লার মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের সঙ্গে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক
কুমিল্লার মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের সঙ্গে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক/ছবি: সংগৃহীত

কুমিল্লার মাদক নিয়ন্ত্রণ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন এমপি মনিরুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (২৫ জুন) রাতে কুমিল্লা সার্কিট হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াশিম, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিঙ্কু, অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক বজলুর রহমান, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বৈঠকে কুমিল্লার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মনিরুল হক চৌধুরী।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় একজন স্কুলছাত্র গুলিবিদ্ধ হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত হয়েছেন উল্লেখ করে বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

মনিরুল হক চৌধুরী বলেন, “একজন মায়ের প্রশ্ন—তার ছেলে কি স্কুলে যাবে না? স্কুল থেকে ফেরার পথে যদি গুলিবিদ্ধ হয়, তাহলে নিরাপত্তা কোথায়? এই প্রশ্নের জবাব দিতে হবে।”

তিনি আরও বলেন, জনগণ তাকে নির্বাচিত করেছে এবং তাদের কাছে জবাবদিহি করতে হবে।

বৈঠকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি কুমিল্লায় মাদকের বিরুদ্ধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “শহরকে মাদকমুক্ত করতে হবে। এর সঙ্গে যত প্রভাবশালী ব্যক্তিই জড়িত থাকুক না কেন, মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

বৈঠকে উপস্থিত কর্মকর্তারা কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক নিয়ন্ত্রণে চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে। সংশ্লিষ্টরা জানান, মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন