শনিবার ৪ জুলাই, ২০২৬

কুমিল্লার বিজয়পুরে ফুটপাতে ঘুমিয়ে থাকা নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজে শনাক্ত অভিযুক্ত

রাইজিং কুমিল্লা ডেস্ক

কুমিল্লার বিজয়পুরে ফুটপাতে ঘুমিয়ে থাকা নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজে শনাক্ত অভিযুক্ত
কুমিল্লার বিজয়পুরে ফুটপাতে ঘুমিয়ে থাকা নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজে শনাক্ত অভিযুক্ত/ছবি: সংগৃহীত

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার এলাকায় ফুটপাতে ঘুমিয়ে থাকা এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। ফুটেজ বিশ্লেষণ করে একজন সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৩০ জুন (মঙ্গলবার) ভোররাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর বাজারে একটি কনফেকশনারি দোকানের সামনে এ ঘটনা ঘটে। তবে ৪ জুলাই (শনিবার) সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর আনুমানিক ৪টা ৮ মিনিটে এক ব্যক্তি ফুটপাতে ঘুমিয়ে থাকা নারীর কাছে গিয়ে তাকে যৌন নির্যাতন করেন। পরে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর এলাকার দুলা মিয়ার ছেলে খোকন (৫০), যিনি স্থানীয়ভাবে ‘ল্যাংড়া খোকন’ নামে পরিচিত, তাকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস জানান, ভিডিওটি পুলিশের নজরে আসার পরপরই তদন্ত ও অভিযান শুরু করা হয়। তবে এখনো ভুক্তভোগী নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয় শনাক্ত, প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত অব্যাহত রয়েছে। পাশাপাশি ভুক্তভোগীকে শনাক্ত করে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আরও পড়ুন