
কুমিল্লার দেবিদ্বারে মা ও ভাবিকে কুপিয়ে এবং আট মাস বয়সী ভাতিজিকে আছড়ে হত্যার অভিযোগ উঠেছে ইমন (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত যুবককে আটক করে একটি ঘরে তালাবদ্ধ করে রেখেছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ইমনের মা পেয়ারা বেগম ও তার আট মাস বয়সী ভাতিজি। এ ঘটনায় গুরুতর আহত ইমনের ভাবি রাবেয়া বেগমকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ইমন হঠাৎ উত্তেজিত হয়ে দা দিয়ে তার মা পেয়ারা বেগমকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে আট মাস বয়সী ভাতিজিকে আছড়ে হত্যা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
এ সময় বাধা দিতে এগিয়ে এলে ভাবি রাবেয়া বেগমকেও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে আহত রাবেয়া বেগমকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত ইমনকে ঘটনাস্থল থেকে আটক করে পাশের একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। ইমন ওই বাড়ির মৃত ফরিদ মিয়ার ছেলে।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে কী কারণে এ নৃশংস ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তদন্ত ও আলামত সংগ্রহের পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।










