শুক্রবার ২৬ জুন, ২০২৬

কুমিল্লায় মাদক নিয়ন্ত্রণে লংমার্চের হুঁশিয়ারি এমপি মনিরুল হক চৌধুরীর

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla - Monirul Haq Chowdhury
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী/ছবি: রাইজিং কুমিল্লা সম্পাদিত

কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। প্রশাসন কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে লংমার্চের কর্মসূচি ঘোষণা করা হবে। এমনকি সরকার প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করবেন বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৬ জুন) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এমপি মনিরুল হক চৌধুরী বলেন, “মাদকের সঙ্গে কোনো আপস নয়। জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না? সেখানে এখনো মূল অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। কাউকে গ্রেফতার করলে কেউ অখুশি হবে—এমন চিন্তা করলে চলবে না।”

তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গোলাবাড়ির শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। প্রশাসন যদি এ বিষয়ে ব্যবস্থা নিতে না পারে, তাহলে তিনি নিজেই জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামবেন।

তিনি বলেন, “প্রয়োজনে গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চ করব। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো আপস হবে না। সরকার যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়, তাহলে আমি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করব।”

জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাইউমুল হক রিংকুর উদ্দেশে তিনি প্রশ্ন তুলে বলেন, হত্যা ও মাদকসহ একাধিক মামলার আসামিরা কীভাবে জামিন পান, সে বিষয়ে আরও কঠোর নজরদারি প্রয়োজন।

কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক বজলুর রহমান সঞ্চালনা করেন।

এতে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম, জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাইউমুল হক রিংকু, অধ্যক্ষ শরীফুল ইসলাম, লাকসাম সার্কেলের সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

আরও পড়ুন