
কুমিল্লার কোতয়ালী মডেল থানা এলাকায় পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-১১। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।
বুধবার (০১ জুলাই) সকালে র্যাব-১১, সিপিসি-২ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত ৩০ জুন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা নগরীর কোতয়ালী মডেল থানার টিক্কারচর এলাকায় অভিযান চালায়। এ সময় মাহমুদুল হাসান জিদান (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এরপর ১ জুলাই সকালে একই থানার তেলীকোনা এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানে মো. মনির হোসেন (৩৭) নামে আরও এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে র্যাব জানতে পারে, গ্রেপ্তার মাহমুদুল হাসান জিদান কোতয়ালী থানার টিক্কারচর গ্রামের বাসিন্দা এবং মনির হোসেন একই থানার রাঙ্গুড়ি গ্রামের বাসিন্দা।
র্যাবের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করে আসছিলেন।
র্যাব-১১ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।










