
কুমিল্লা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ হাজার ৭৭০ পিস ইয়াবা ও ৯ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় জেলার বিভিন্ন স্থান থেকে মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীসহ মোট ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) কুমিল্লা জেলার সব থানার উদ্যোগে দিনব্যাপী এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
কুমিল্লা জেলা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে পরিচালিত অভিযানে জেলার বিভিন্ন এলাকায় একযোগে মোট ৫৭টি বিশেষ অভিযান চালানো হয়। এসব অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধারসহ মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৫০ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তীতে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট এবং বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার এর মাধ্যমে সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ে তুলতে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টা যথেষ্ট নয়। এ ক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালনা করা হবে বলে জানিয়েছে কুমিল্লা জেলা পুলিশ।










