রবিবার ১৯ এপ্রিল, ২০২৬

এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি

রাইজিং কুমিল্লা ডেস্ক

ছবি: সংগৃহীত
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। পরীক্ষার কেন্দ্রে প্রবেশ নিয়ে নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সই করা এক নোটিশে জানানো হয়েছে, এসএসসি পরীক্ষা ২০২৬-এর পরীক্ষা কেন্দ্রসমূহের আশপাশের যানজট ও জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে কেবলমাত্র পরীক্ষার্থীদেরকে কেন্দ্রের অভ্যন্তরে সকাল সাড়ে ৮টা থেকে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্র সচিবদেরকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
তবে পরীক্ষা কক্ষে প্রবেশ সংক্রান্ত পূর্বের নির্দেশনা বহাল থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এদিকেপাবলিক পরীক্ষায় বহুল আলোচিত পুরোনো নিয়ম ‘নীরব বহিষ্কার’ বা ‘সাইলেন্ট এক্সপেল’ পদ্ধতি বাতিল করা হচ্ছে। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এ সংক্রান্ত পুরোনো নীতিমালা পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার সচিবালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। সভাটি আয়োজন করা হয় আসন্ন মাধ্যমিক (এসএসসি) ও সমমান এবং উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে। এতে শিক্ষা মন্ত্রণালয়, বিভিন্ন শিক্ষা বোর্ড, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ অভিভাবক ও শিক্ষার্থীরা সরাসরি এবং অনলাইনে অংশগ্রহণ করেন।

সভায় ‘নীরব বহিষ্কার’ প্রসঙ্গ উত্থাপন করা হলে শিক্ষামন্ত্রী বিষয়টি নিয়ে তার অবস্থান স্পষ্ট করেন। পরে এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষাসংক্রান্ত কোনো বিধিতে ‘আনডিউ’ বা অযৌক্তিক কিছু থাকতে পারে না। তিনি উল্লেখ করেন, ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনে এমন কোনো বিধান নেই। বরং ১৯৬১ সালে প্রণীত বোর্ডের একটি নীতিমালায় এ ধারা যুক্ত হয়েছিল।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে পরীক্ষাকেন্দ্রে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ খুবই সীমিত। তাই ‘নীরব বহিষ্কার’ পদ্ধতির মতো পুরোনো বিধান এখন আর প্রযোজ্য নয়।

এ প্রেক্ষিতে দ্রুত নীতিমালা সংশোধনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন