মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে সাজানোর উদ্যোগ, উপস্থাপিত ‘কুমিল্লা কনসেপ্ট’

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - MP Monirul Haque Chowdhurys ‘Cumilla Concept’ to reshape the education system of Cumilla.
কুমিল্লার শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে সাজাতে এমপি মনিরুল হক চৌধুরীর ‘কুমিল্লা কনসেপ্ট’

কুমিল্লার শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে সাজাতে ‘এডুকেশন সিস্টেম ইন কুমিল্লা কনসেপ্ট’ শীর্ষক ধারণাপত্র নিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের সঙ্গে মতবিনিময় করেছেন কুমিল্লার একটি প্রতিনিধি দল।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

সভায় শুরুতেই ‘এডুকেশন সিস্টেম ইন কুমিল্লা কনসেপ্ট’-এর ধারণাপত্র উপস্থাপন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।

ধারণাপত্রে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রচলিত শিক্ষাব্যবস্থার বাইরে গিয়ে শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা, মূল্যবোধ ও আধুনিক জ্ঞানসম্পন্ন করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি শিক্ষাস্তরে কারিগরি শিক্ষার সুযোগ বাড়ানো এবং শিক্ষাকে আরও বাস্তবমুখী করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

মতবিনিময় সভায় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার, শিক্ষা সচিব আব্দুল খালেক, কারিগরি শিক্ষা ও মাদ্রাসা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এনডিসি, কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক জাহাঙ্গীর আলম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শফিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সিসিএন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. তরিকুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলাল, ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান ড. শাহ মোহাম্মদ সেলিম, অজিতগুহ কলেজের অধ্যক্ষ শরীফুল ইসলামসহ কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা সভায় অংশ নেন।

সভায় মনিরুল হক চৌধুরী এমপি বলেন, কুমিল্লা শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের জেলা। প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ এই অঞ্চল শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন সময়ে দেশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। কুমিল্লার শিক্ষাক্ষেত্রের সেই অবদানকে আরও বেগবান করতেই ‘এডুকেশন সিস্টেম ইন কুমিল্লা কনসেপ্ট’ উপস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, এ লক্ষ্যে ১০১ জন শিক্ষাবিদকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়। তাঁদের কাজের মাধ্যমে ধারণাপত্রটি প্রস্তুত করা হয়েছে। আগামী ২৮ নভেম্বর কুমিল্লায় পূর্ণাঙ্গ ‘কুমিল্লা কনসেপ্ট’ উপস্থাপন করা হবে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি উপস্থিত থাকার প্রাথমিক সম্মতি দিয়েছেন। শিক্ষামন্ত্রীও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমি চাই, কুমিল্লা পদ্ধতি জাতীয় পর্যায়ে “কুমিল্লা মডেল” হিসেবে স্বীকৃতি পাক।’

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন, মনিরুল হক চৌধুরী দেশের একজন জ্যেষ্ঠ ও মেধাবী রাজনীতিবিদ। তাঁর মেধা, মনন ও অভিনব চিন্তাধারার সঙ্গে আমরা বিগত সময়ে পরিচিত হয়েছি। এরই ধারাবাহিকতায় শিক্ষাব্যবস্থা নিয়ে ‘কুমিল্লা কনসেপ্ট’ নামে যে ধারণাপত্র তৈরি করা হয়েছে, তা তাঁর বিচক্ষণতার পরিচায়ক।

তিনি আরও বলেন, কুমিল্লা শিক্ষা ও সংস্কৃতির জেলা। শিক্ষাব্যবস্থায় ‘কুমিল্লা কনসেপ্ট’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

আরও পড়ুন