
কুমিল্লায় শ্রমিক সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মন্তব্য করেছেন, “একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়।”
শুক্রবার (১ মে) সকালে কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশ শেষে তিনি এ বক্তব্য দেন।
সমাবেশে গোলাম পরওয়ার বলেন, সময়ের প্রয়োজনে দলটির গঠনতন্ত্র বহুবার সংশোধন করা হয়েছে। বর্তমান গঠনতন্ত্রে মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সংগ্রামের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি অভিযোগ করেন, এত পরিবর্তনের পরও একটি মহল পুরোনো বিতর্ককে ইচ্ছাকৃতভাবে জিইয়ে রাখতে চায়। তার ভাষ্য মতে, এসব বিতর্ক টিকিয়ে রাখা দেশপ্রেম বা স্বাধীনতার চেতনার প্রতিফলন নয়; বরং এটি জাতিকে বিভক্ত করার বিদেশি ষড়যন্ত্রের অংশ।
জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশের স্বার্থে পুরোনো বিতর্ক দ্রুত সমাধান হওয়া প্রয়োজন। নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সমাবেশে তিনি আরও বলেন, “আমাদের আমিরে জামায়াত বলেছেন, ইতিহাস নিয়ে পড়ে থাকলে আমরা কখনো ইতিহাস রচনা করতে পারবো না। আমাদের পরেও স্বাধীন হওয়া অনেক দেশ এগিয়ে গেছে। এখন যারা পার্লামেন্টে আছেন, তাদের অনেকেই তরুণ—স্বাধীনতার পরে জন্ম। তাহলে কাকে স্বাধীনতা বিরোধী বলবেন? আল-বদর বলবেন? রাজাকার বলবেন? জনগণ এসব শুনে হাসে।”









