শনিবার ১৩ জুন, ২০২৬

ঈদে বেতন পাননি ৬ লাখ শিক্ষক-কর্মচারী: সেলিম ভূঁইয়া

রাইজিং কুমিল্লা ডেস্ক

ঈদে বেতন পাননি ৬ লাখ শিক্ষক-কর্মচারী: সেলিম ভূঁইয়া
ঈদে বেতন পাননি ৬ লাখ শিক্ষক-কর্মচারী: সেলিম ভূঁইয়া/ছবি: সংগৃহীত

ঈদুল আজহার আনন্দের মধ্যেও দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬ লাখ শিক্ষক-কর্মচারী মে মাসের বেতন-ভাতা না পাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বলে জাতীয় সংসদে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন কুমিল্লার সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের (বাজেট অধিবেশন) দ্বিতীয় দিনে ৭১ বিধিতে দেওয়া এক নোটিশে তিনি এ বিষয়টি উত্থাপন করেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের মাধ্যমে তিনি শিক্ষকদের বেতন বিলম্বের ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং দ্রুত সমাধানের আহ্বান জানান।

অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বলেন, জুন মাসের ৮ তারিখ পেরিয়ে গেলেও দেশের প্রায় ৬ লাখ শিক্ষক-কর্মচারী মে মাসের বেতন পাননি। ফলে তারা পরিবার-পরিজন নিয়ে অর্থনৈতিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন এবং ঈদের আনন্দ থেকেও বঞ্চিত হয়েছেন।

তিনি অভিযোগ করেন, একটি বিশেষ গোষ্ঠী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে শিক্ষকদের বেতন প্রদান প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

সংসদ সদস্য অতীতে শিক্ষকদের জন্য বিভিন্ন সরকারের নেওয়া উদ্যোগের কথা তুলে ধরে বলেন, শিক্ষকদের অধিকার ও কল্যাণে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, অতীতে ঈদের আগেই শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের ব্যবস্থা করা হতো।

বর্তমান সরকারের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, শিক্ষকদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট সচল রাখতে বড় অঙ্কের তহবিল বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে প্রশাসনিক জটিলতা বা গাফিলতির কারণে শিক্ষকদের বেতন আটকে থাকা অত্যন্ত দুঃখজনক।

অধ্যক্ষ সেলিম ভুঁইয়া স্পিকারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তিনি ঈদের আগেই শিক্ষক-কর্মচারীদের মে মাসের বকেয়া বেতন এবং ঈদ বোনাস দ্রুত পরিশোধের দাবি জানান।

আরও পড়ুন