বৃহস্পতিবার ৫ নভেম্বর, ২০২৬

ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি, জেলা নির্বাচন কর্মকর্তাদের নতুন নির্দেশনা ইসির

নিজস্ব প্রতিবেদক

ছবি: সংগৃহীত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদের তালিকা নতুন করে যাচাইয়ের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকায় কোনো ইউনিয়নের নাম বাদ পড়েছে কি না, নামের তথ্যে ভুল রয়েছে কি না এবং আইনি জটিলতা বা সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির তথ্য সঠিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে কি না, তা খতিয়ে দেখবে সংস্থাটি।

এ লক্ষ্যে দেশের সব জেলা নির্বাচন কর্মকর্তাকে প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের নির্দেশ দিয়েছে ইসি সচিবালয়। যাচাই শেষে তালিকায় কোনো ধরনের ভুল বা সংশোধনের প্রয়োজন হলে আগামী ৮ নভেম্বরের মধ্যে তা নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-৩ শাখায় পাঠাতে বলা হয়েছে।

ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রতিটি জেলার সব উপজেলার নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদের তালিকা প্রস্তুত করা হয়েছে। এ তালিকা তৈরির ক্ষেত্রে জেলা নির্বাচন কর্মকর্তাদের কার্যালয় এবং স্থানীয় সরকার বিভাগ থেকে পাওয়া তথ্য ব্যবহার করা হয়েছে।

তবে প্রস্তুত করা তালিকায় সংশ্লিষ্ট উপজেলার নির্বাচন উপযোগী সব ইউনিয়নের নাম সঠিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে কি না, তা পুনরায় যাচাই করতে হবে। একই সঙ্গে আইনি জটিলতা কিংবা সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির তথ্য যথাযথভাবে উল্লেখ করা হয়েছে কি না, সেটিও নিশ্চিত করতে বলা হয়েছে।

এ ছাড়া বর্তমানে নির্বাচন উপযোগী কোনো ইউনিয়ন পরিষদের নাম তালিকা থেকে বাদ পড়েছে কি না, তা বিশেষভাবে খতিয়ে দেখার নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, যাচাইয়ের সময় ইউনিয়ন পরিষদের নাম, তারিখ, মামলা, সীমানা সংক্রান্ত জটিলতা এবং ভোটার তালিকা পুনর্বিন্যাসসহ যেকোনো তথ্যে ভুল বা সংশোধনের প্রয়োজন দেখা দিলে তা আগামী ৮ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট শাখায় পাঠাতে হবে।

অন্যদিকে, যাচাইয়ে তালিকাভুক্ত সব তথ্য সঠিক পাওয়া গেলে সে বিষয়টিও লিখিতভাবে নির্বাচন কমিশনকে অবহিত করতে হবে।

 

আরও পড়ুন