বৃহস্পতিবার ১৪ মে, ২০২৬

আজ থেকে শুরু ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, যেভাবে কাটবেন

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - journey by train
ঈদে ট্রেনে বাড়ি ফেরা/ছবি: রাইজিং কুমিল্লা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ বুধবার (১৩ মে) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। প্রথম দিনে বিক্রি হচ্ছে আগামী ২৩ মে যাত্রার টিকিট। এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

এর আগে মঙ্গলবার (১২ মে) এ সংক্রান্ত একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ মে থেকে ১৭ মে পর্যন্ত ঈদে ঘরমুখো যাত্রীদের অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

অন্যদিকে ঈদ শেষে কর্মস্থলে ফেরার টিকিট বিক্রি শুরু হবে আগামী ২১ মে থেকে।

অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি

  • ২৩ মে যাত্রার টিকিট: ১৩ মে
  • ২৪ মে যাত্রার টিকিট: ১৪ মে
  • ২৫ মে যাত্রার টিকিট: ১৫ মে
  • ২৬ মে যাত্রার টিকিট: ১৬ মে
  • ২৭ মে যাত্রার টিকিট: ১৭ মে

ঈদ ফেরত যাত্রার টিকিট

  • ৩১ মে’র টিকিট: ২১ মে
  • ১ জুনের টিকিট: ২২ মে
  • ২ জুনের টিকিট: ২৩ মে
  • ৩ জুনের টিকিট: ২৪ মে
  • ৪ জুনের টিকিট: ২৫ মে

রেলওয়ে জানিয়েছে, সার্ভারের ওপর চাপ কমাতে এবারও দুই ধাপে টিকিট বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে পাওয়া যাবে।

একজন যাত্রী ঈদের অগ্রিম ও ফিরতি যাত্রায় একবার করে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। সহযাত্রীদের নাম যুক্ত করার সুবিধাও থাকবে। তবে ঈদের অগ্রিম ও ফেরত টিকিট কোনোভাবেই রিফান্ড করা যাবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রির বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে বিরতিহীন ট্রেনের ক্ষেত্রে এ সুবিধা থাকবে না।

যেভাবে কাটবেন টিকিট

যাত্রীরা রেলওয়ের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে সহজেই অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন। আগে রেজিস্ট্রেশন করা থাকলে শুধু লগইন করলেই টিকিট কেনা যাবে।

লগইনের পর ভ্রমণের তারিখ, যাত্রার স্টেশন, গন্তব্য ও শ্রেণি নির্বাচন করে “Find Ticket” অপশনে ক্লিক করতে হবে।

এরপর আসন খালি থাকলে পছন্দের সিট নির্বাচন করে বিকাশ, ভিসা বা মাস্টারকার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করা যাবে। পেমেন্ট সম্পন্ন হলে ই-টিকিট ডাউনলোড ও ই-মেইলে পাঠানো হবে।

আরও পড়ুন