
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২৭ থেকে ২৯ জুলাই পর্যন্ত কুমিল্লার বিভিন্ন এলাকায় প্রতিদিন ১২ ঘণ্টা করে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (২৫ জুলাই) রাতে পেট্রোবাংলা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-এর আওতাধীন এলাকায় পর্যায়ক্রমে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হবে। এ কারণে নির্ধারিত সময়ের জন্য সংশ্লিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
ঘোষণা অনুযায়ী, ২৭ জুলাই (সোমবার) কুমিল্লা শহর ও আশপাশের এলাকায়, ২৮ জুলাই (মঙ্গলবার) কুমিল্লা সদর দক্ষিণ, চৌয়ারা, সুয়াগাজী ও আশপাশের এলাকায় এবং ২৯ জুলাই (বুধবার) কুমিল্লা ক্যান্টনমেন্ট, চান্দিনা ও তার আশপাশের এলাকায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ দ্রুত সম্পন্ন করে নির্ধারিত সময় শেষে পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের অনুরোধ জানিয়েছে।










