
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ভুয়া কমিটি তৈরি করে কামাল পারভেজ নামে এক ব্যবসায়ীকে গ্রেফতারের অভিযোগ এখন আলোচনার তুঙ্গে।
নানা আলোচনা সমালোচনার মাঝে এখন এ-সব বিষয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন ভুক্তভোগী কামাল পারভেজের স্ত্রী শিরিন সুলতানা।
স্বামীকে নির্দোষ ও তার পরিবার ষড়যন্ত্রের শিকার দাবি করে ন্যায় বিচারের আশায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী’র দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) গণমাধ্যমে দেয়া ভিডিও সাক্ষাৎকারে শিরিন সুলতানা অভিযোগ করেন, আমার স্বামীকে পূর্ব মতবিরোধকে কেন্দ্র করে স্থানীয় একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে গ্রেফতার করিয়েছে। আমার স্বামী কখনোই আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না এবং তিনি কোনো পদেও নেই।
আবেগাপ্লুত কণ্ঠে শিরিন সুলতানা বলেন, কুচক্রী সে-ই মহল আমার ছেলের প্রাক্তন স্ত্রীকে দিয়ে প্রথমে আমার ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দিয়ে তাকে কারাগারে পাঠিয়েছে। পরবর্তীতে আমার ছেলে জামিনে আসার কিছুদিনের মধ্যেই আমার স্বামীকে এই ষড়যন্ত্র করে বলির পাঠা বানানো হলো। এখন
আমার একমাত্র ছেলে ষড়যন্ত্রের কারণে এলাকা ছাড়া, স্বামী কারাগারে, হতভাগা হয়ে আমি এখন মানুষের দ্বারে দ্বারে ঘুরছি কিন্তু ন্যায় বিচার পাচ্ছি না।
তিনি আরও বলেন, দীর্ঘ ২৫ বছর যাবত অরুয়াইল বাজার এলাকায় যে-ই বাড়িতে স্বামী সন্তান নিয়ে আনন্দে বসবাস করে আসছি, সে-ই বাড়িতে এখন নিজেও গিয়ে শান্তিতে থাকতে পারছি না ক্ষমতাসীন সে-ই কুচক্রী মহলের ভয়ে। এমতাবস্থায় আমি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী’সহ সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাকে ন্যায় বিচার পেতে সহযোগিতা করুন। আমার নিরপরাধ স্বামীকে আমাদের কাছে ফিরিয়ে দেন।
উল্লেখ্য, গত শনিবার (১০ অক্টোবর) সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের বাজার এলাকা থেকে কামাল পারভেজকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে পাশ্ববর্তী পাকশিমুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পরিচয়ে মামলার আসামি করা হয়েছে৷ তাৎক্ষনিক এ-সব বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়াকে অবগত করে স্থানীয় এক সাংবাদিক বক্তব্য চাইলে তিনি উত্তরে বলেন, কামাল পারভেজ নিরপরাধ হলে আদালতে প্রমাণ করে আসুক।
অথচ গণমাধ্যম কর্মীদের হাতে আসা পাকশিমুল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটির কাগজপত্র ঘেটে দেখা গেছে সভাপতি পদ ত দূরে থাক অন্যান্য পদেরও কোথাও নেই কামাল পারভেজের নাম। মামলায় পুলিশের সংযুক্ত করা কমিটির কাগজটি ভূয়া বলে ইতিমধ্যেই নিশ্চিত হওয়া গেছে।
সাংবাদিকদের অনুসন্ধানের এক পর্যায়ে পাকশিমুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলামের সঙ্গে বহু চেষ্টার পর মুঠোফোনে যোগাযোগ করা হলে, কামাল পারভেজের নাম থাকা কমিটির কাগজটি ভূয়া বলে তিনি নিশ্চিত করেন। তিনি বলেন ৯ নং ওয়ার্ডের সেই কমিটির সভাপতি সিরাজ মিয়া। কামাল আওয়ামীলীগের সভাপতি ত দূরে থাক, কোনো সক্রিয় কর্মীও না।










