রবিবার ১৮ জানুয়ারি, ২০২৬

স্বাধীন গণমাধ্যম তৈরি করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

রাইজিং কুমিল্লা ডেস্ক

RisingCumilla - Mirza Fakhrul Islam Alamgir
মির্জা ফখরুল ইসলাম আলমগীর/ছবি: সংগৃহীত

বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনকে অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‌‌‘আমাদের কমিটমেন্ট খুব পরিষ্কার। আপনারা দেখেছেন যে আমরা ৩১ দফায় খুব পরিষ্কার করেই বলেছি যে আমরা একটা স্বাধীন গণমাধ্যম দেখতে চাই এবং আমরা সেটাকে তৈরি করতে চাই।’

আজ সোমবার রাজধানীর শেরেবাংলানগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, কমিশনটি ইতোমধ্যে গঠিত হয়েছে এবং রিপোর্টও প্রস্তুত হয়েছে।

তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, রিপোর্টের কোনো আলোচনা পরবর্তী সময়ে হয়নি। আমরা আশা করি, আমরা যদি জনগণের ভোটে সরকার গঠনের দায়িত্ব পাই, তাহলে আমরা নিঃসন্দেহে এ বিষয়টি অগ্রাধিকার দেব।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই গণমাধ্যমকে উন্নত ও উপযোগী করে তোলার জন্য নানা ব্যবস্থা নিয়েছে।

তিনি বর্তমান টেলিভিশন চ্যানেলের সময়োপযোগী কাজগুলো শুরুর কৃতিত্ব বিএনপির আমলকেই দেন।

সাংবাদিকদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, আপনাদের তো অনেকগুলো ইউনিয়ন আছে। বিএফইউজে, ডিআরইউ, আবার দুই দলের দুই ভাগ আছে, তিন ভাগ। আপনারা নিজেরাই আজকে দলীয় হয়ে যাচ্ছেন। রাজনৈতিক দলগুলো আপনাদের কাউকে পকেটে নিতে চায়। আপনারা যদি পকেটে ঢুকে যান, তখন কিন্তু সমস্যা।

আরও পড়ুন