
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে শতভাগ প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তবে মেয়র পদে কে প্রার্থী হবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে পদত্যাগের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইশরাক হোসেন।
ইশরাক হোসেন বলেন, মেয়র নির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন। এর আগে ২০১৭ সালে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
তিনি আরও বলেন, দল থেকে অন্য কাউকে মেয়র পদে প্রার্থী করা হলেও তাঁকে বিজয়ী করতে শতভাগ প্রস্তুত রয়েছেন তিনি। অর্থাৎ, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনে নিজের প্রার্থিতা কিংবা অন্য প্রার্থীর পক্ষে কাজ—দুই ক্ষেত্রেই প্রস্তুত রয়েছেন ইশরাক।
সংবাদ সম্মেলনে নিজের পদত্যাগের কারণ ব্যাখ্যা করে ইশরাক হোসেন বলেন, তিনি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে জানিয়েছেন, মাদকবিরোধী অভিযান কেবল শুরু হয়েছে, এটি চলমান থাকবে। তাঁর কারণে যেন প্রধানমন্ত্রীর কোনো কর্মকাণ্ড ম্লান হয়ে না যায় এবং দল যেন বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে, সে জন্যই তিনি পদত্যাগ করতে চান।










