
ওপার বাংলার অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেত্রী তিনি। তাঁকে ভালোবেসে বলা হয় ‘টলিউড কুইন’। পেশাগত কাজের পাশাপাশি, তাঁর বিনয়ী ব্যবহার এবং ব্যক্তিগত জীবনও সবসময় চর্চায় থাকে, যার সিংহভাগই হয় খুব পজিটিভ দৃষ্টিকোণ থেকে। তবে প্রেম বা একান্ত ব্যক্তিগত জীবন নিয়ে কোয়েল মল্লিককে সাধারণত জনসমক্ষে খুব একটা কথা বলতে দেখা যায় না।
এবার, এই জনপ্রিয় নায়িকা তাঁর নতুন প্রজন্মের ভক্তদের প্রেম নিয়ে দিলেন বিশেষ টিপস।
‘সঙ্গীত বাংলা’-কে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে কোয়েল মল্লিককে নতুন প্রজন্মকে ডেটিং টিপস দিতে বলা হয়। সেই প্রসঙ্গে নায়িকা বলেন,
“সম্পর্ক দুই মিনিটে তৈরি হয়ে যাওয়া নুডলসের মতো নয়। এরকম নয় যে প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত খুব সুন্দর হবে, খুব খুশির হবে বা হ্যাপেনিং হবে। একটা সম্পর্ক মানে একটা কথা দেওয়া, কমিটমেন্ট। সেই কমিটমেন্টের মধ্যে একটা পবিত্রতা থাকে, একটা লয়ালিটি থাকে।”
তিনি আরও বলেন,
“তাই জামাকাপড় বদলানোর মতো এটা ভালো লাগছে না তো ওটা। লাল জামাটা অনেক দিন পড়া হয়ে গেছে আর ভালো লাগছে না, তো নীল জামাটা পরি। সম্পর্ক বিষয়টা কিন্তু সে রকম নয়। হয়তো আমি একটু পুরনোপন্থী, আর আমি ওভাবেই ভালোবাসতে ভালোবাসি।”
কোয়েল মল্লিকের এই পরিণত এবং গভীর উত্তরে তাঁর অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে বিভিন্ন ইতিবাচক প্রতিক্রিয়া।
একজন লিখেছেন, “একদম সঠিক কথা।”
আর একজন লিখেন, “তুমি ওভাবে ভালোবাসতে ভালোবাসো, আর তাই আমরা তোমাকে সব সময় ভালোবাসি।”
অন্য একজন লেখেন, “এ কারণেই তুমি টলি কুইন।”
২০১৩ সালের ১ ফেব্রুয়ারি প্রযোজক নিসপাল সিং রানেকে বিয়ে করেন কোয়েল। ২০২০ সালে তাঁদের সংসারে আসে ছেলে কবীর। এরপর ২০২৪ সালের ডিসেম্বরে তাঁদের ঘর আলো করে আসে মেয়ে কাব্য। বর্তমানে দুই ছেলে-মেয়েকে নিয়ে বেশ সুখেই সংসার করছেন টলিউডের এই জনপ্রিয় নায়িকা।









