বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬

সদর দক্ষিণে ফিলিং স্টেশনে অভিযান, অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে জরিমানা

রাইজিং ডেস্ক

সদর দক্ষিণে ফিলিং স্টেশনে অভিযান, অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে জরিমানা
সদর দক্ষিণে ফিলিং স্টেশনে অভিযান, অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে জরিমানা/ছবি : সংগৃহীত

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নে অবস্থিত লালমাই ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। এ সময় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ও ফিলিং স্টেশন মনিটরিংয়ের দায়িত্বে নিয়োজিত ট্যাগ অফিসার শাহরিয়ার ভুঁইয়া, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের সদস্য এবং আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে দেখা যায়, ফিলিং স্টেশনটিতে পর্যাপ্ত জ্বালানি মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকদের তেল সরবরাহ করা হচ্ছিল না। এছাড়া নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি এবং বিধিবহির্ভূত পাত্রে তেল বিক্রির অভিযোগ পাওয়া যায়।

এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত মূল্যের বেশি দামে জ্বালানি তেল বিক্রি করা ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল। পাশাপাশি অননুমোদিত বা ঝুঁকিপূর্ণ পাত্রে জ্বালানি তেল বিক্রি করা আইনবিরোধী এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেলসহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন