
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৫০ লিটার অকটেন জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়াতলী (চাঙ্গিনী মোড়) এলাকায় বেলতলী সড়কের পূর্ব পাশে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়ের তত্ত্বাবধানে এবং গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানকালে “আবুল হাশেম এন্টারপ্রাইজ” নামীয় প্রতিষ্ঠানের মালিক আবুল হাসেম (৩৮), পিতা আজগর আলী, ভাপাখোলা, দাউদকান্দি, কুমিল্লার বাসা থেকে ২৪৫ লিটার এবং তার লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান থেকে আরও ৫ লিটার অকটেন জব্দ করা হয়।
প্রশাসন জানায়, গোপন স্থানে জ্বালানি মজুদ, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে জব্দকৃত ২৫০ লিটার অকটেন তাৎক্ষণিক নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা “মুন ফিলিং স্টেশন”-এর কাছে ২৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়া দাহ্য পেট্রোলিয়াম পণ্য—পেট্রোল, ডিজেল ও অকটেন—অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রি করে আসছিলেন। এছাড়া অননুমোদিত পাত্রে এসব জ্বালানি বিক্রি করা হচ্ছিল, যা জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
উপজেলা প্রশাসন সতর্ক করে জানিয়েছে, জ্বালানি তেলসহ জনগুরুত্বপূর্ণ পণ্যে ভোক্তা অধিকার লঙ্ঘনের ঘটনায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









