
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিনের মা আমেনা বেগমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের পরানপুর গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
জানাজায় উপস্থিত ছিলেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা প্রশাসক মিজ রোজী আকতার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
জানাজা শেষে সদর দক্ষিণ উপজেলার পরানপুরে পারিবারিক কবরস্থানে আমেনা বেগমের দাফন সম্পন্ন করা হয়।
এর আগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমেনা বেগম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। নয় সন্তানের মধ্যে হাজী মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন ছিলেন পঞ্চম।
এদিকে আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিব, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
শোক জানিয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা প্রশাসক মিজ রোজী আকতার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নেতারা।
এ ছাড়া কুমিল্লা জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় তাঁরা আমেনা বেগমকে একজন স্নেহশীল ও মমতাময়ী মা হিসেবে উল্লেখ করে তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।










