
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে প্রায় ১০ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করবেন।
সোমবার (১২ অক্টোবর) বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্গাপূজা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপন নিশ্চিত করতে পূর্বপরিকল্পনা অনুযায়ী দেশজুড়ে বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে। এ লক্ষ্যে নিয়মিত টহল, কঠোর গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিজিবির এই কর্মকর্তা বলেন, সম্ভাব্য ঝুঁকি আগেভাগে শনাক্ত করা, গুজব ও উসকানিমূলক তৎপরতার ওপর কঠোর নজরদারি এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের আশপাশে থাকা মোট ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপে সরাসরি নিরাপত্তা সহায়তা দেবে বিজিবি। এ ছাড়া দুর্গম এলাকাগুলোতে দ্রুত টহল ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হচ্ছে।
রাজধানী ঢাকায় বিজিবির দায়িত্বের পরিধি সরকারি নির্দেশনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদার ভিত্তিতে নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। পরিস্থিতি অনুযায়ী ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত থাকবে বিজিবি।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ তৎপর রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন।








