
রাজধানীর রমনা পার্ক আকস্মিকভাবে পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। পরিদর্শনকালে তিনি পার্কের বিভিন্ন অবকাঠামো ও পরিবেশগত বিষয় পর্যবেক্ষণ করেন এবং উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
বুধবার (৩ জুন) বিকেলে তিনি রমনা পার্কে গিয়ে চলাচলের রাস্তা, ওয়াকওয়ে, লেক এবং ওয়াশ ব্লকসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এ সময় পার্কের সার্বিক পরিবেশ, পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় তথ্য নেন।
পরিদর্শন শেষে মন্ত্রী পার্কের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন। পাশাপাশি লেকের উন্নয়ন, প্রয়োজনীয় সড়কবাতি স্থাপন এবং পার্কের সৌন্দর্যবর্ধনে দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এ লক্ষ্যে তিনি গণপূর্ত অধিদপ্তরের সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের নির্দেশনা দেন।









