সোমবার ২২ জুন, ২০২৬

মেট্রোরেলের টিকেটে জুলাই থেকে ভ্যাট বসছে, বাড়বে ভাড়া

Dhaka Metro Rail
মেট্রোরেল। ছবি: রাইজিং কুমিল্লা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগামী জুলাই মাস থেকে মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট যুক্ত করছে। ভ্যাটের হার হবে ১৫ শতাংশ। ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) ডিএমটিসিএলকে এ সংক্রান্ত চিঠি দেয়া হয়। এনবিআর কর্মকর্তারা এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে যাত্রীদের কথা চিন্তা করে মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট অব্যাহতি দেয় এনবিআর। আগামী জুন পর্যন্ত বহাল থাকবে এ সুবিধা। ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়াতে সম্প্রতি এনবিআরকে চিঠি দেয় ডিএমটিসিএল। কিন্তু এ আবেদন নাকচ করল এনবিআর।

সংস্থাটি জানিয়েছে, উন্নয়নের চাহিদা অনুযায়ী রাজস্ব আয় বাড়াতে সব খাতেই কর ছাড় কমানো হচ্ছে। তাই এ খাতের ভ্যাট অব্যাহতি বাড়ানো হবে না। ফলে জুলাই থেকে ১০০ টাকা ভাড়ায় ১৫ টাকা ভ্যাট দিতে হবে মেট্রোরেলের যাত্রীদের।

ডিএমটিসিএলের আওতায় মেট্রোরেল লাইন-৬-এর মাধ্যমে প্রথমে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত চলাচল করছে। ২০২৫ সালের মধ্যে কমলাপুর স্টেশন চালু হবে বলে আশা করছে মেট্রো কর্তৃপক্ষ।

মেট্রোরেলের বর্তমান ভাড়ার তালিকা অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত ভাড়া ১০০ টাকা।

এছাড়া যে কোনো দূরত্বে সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। তবে এ ভাড়ার সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত করলে ২০ টাকার ভাড়া বেড়ে দাঁড়াবে ২৩ টাকায়।

আরও পড়ুন