বুধবার ১০ জুন, ২০২৬

ভোটের দায়িত্ব পালনকালে মৃত্যু হলে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা পাবে পরিবার

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - If a person dies while performing his-her duties as an elector, his-her family will receive financial assistance of Tk 1 million
ছবি: সংগৃহীত

নির্বাচন ও ভোটার তালিকা প্রণয়নের দায়িত্ব পালনকালে কোনো কর্মকর্তা-কর্মচারী বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মারা গেলে তার পরিবারকে ১০ লাখ টাকা অনুদান দেবে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে নতুন নীতিমালা প্রণয়ন করেছে সংস্থাটি।

বুধবার (১০ জুন) নির্বাচন কমিশনের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসির উপ-সচিব রাশেদুল ইসলামের সই করা নীতিমালা অনুযায়ী, ভোট গ্রহণ বা ভোটার তালিকা প্রণয়নের দায়িত্ব পালনকালে কোনো কর্মকর্তা বা কর্মচারী দুর্ঘটনা কিংবা হামলার শিকার হয়ে মারা গেলে তার পরিবারের জন্য ১০ লাখ টাকা অনুদান নির্ধারণ করা হয়েছে।

এছাড়া গুরুতর আহত বা স্থায়ীভাবে অক্ষম হলে ৪ লাখ টাকা, গুরুতর আহত বা সাময়িকভাবে অক্ষম হলে ২ লাখ টাকা এবং সাধারণভাবে আহত হলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হবে।

নীতিমালায় আরও বলা হয়েছে, দায়িত্ব পালনকালে কেউ আকস্মিকভাবে অসুস্থ হয়ে মৃত্যু বরণ করলে তার পরিবারকে ৬ লাখ টাকা অনুদান দেওয়া হবে। গুরুতর অসুস্থতা বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে ৩ লাখ টাকা এবং সাময়িক অসুস্থতার জন্য ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।

হাসপাতালে ভর্তি হয়ে ব্যয়বহুল চিকিৎসা গ্রহণ করলে সর্বোচ্চ ৩ লাখ টাকা এবং সাধারণ চিকিৎসা গ্রহণ করলে সর্বোচ্চ ২ লাখ টাকা অনুদান পাওয়ার সুযোগ থাকবে।

অনুদান পেতে আহত ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত পরিবারকে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে। পরে সংশ্লিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে বিষয়টি কমিশনের কাছে উপস্থাপন করা হবে এবং কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী অনুদান প্রদান করা হবে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, এর আগে এ ধরনের সহায়তা প্রদানের ক্ষেত্রে সুস্পষ্ট ও সমন্বিত কোনো নীতিমালা ছিল না। নতুন নীতিমালার ফলে অনুদান প্রদানের প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে এবং উত্তরাধিকারীদের মধ্যে অর্থ বণ্টন সংক্রান্ত জটিলতাও কমবে।

আরও পড়ুন