শনিবার ২৪ জানুয়ারি, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনের মধ্যে ৪টিতে বিএনপির মনোনয়ন পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক ও সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - BNP nominated 4 out of 6 seats in Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনের মধ্যে ৪টিতে বিএনপির মনোনয়ন পেলেন যারা/ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ব্রাহ্মণবাড়িয়ার ৬টি সংসদীয় আসনের মধ্যে ৪টি আসনে তাদের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় এই সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, যেসব আসনে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি, সেগুলোর নাম পরে জানানো হবে। এছাড়া, জানা গেছে যে কিছু আসন শরিক দলের জন্য ছেড়ে দেওয়া হতে পারে।

ব্রাহ্মণবাড়িয়া আসনে মনোনয়নপ্রাপ্তদের তালিকা:

প্রকাশিত তালিকায় ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

আসনসম্ভাব্য প্রার্থীর নাম
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর)এমএ হান্নান
ব্রাহ্মণবাড়িয়া- ৩ (সদর-বিজয়নগর)খালেদ হোসেন মাহবুব শ্যামল
ব্রাহ্মণবাড়িয়া- ৪ (কসবা-আখাউড়া)মুশকিফুর রহমান
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর)মো. আব্দুল মান্নান

এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার মোট ছয়টি আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া- ২ (আশুগঞ্জ-সরাইল) ও ব্রাহ্মণবাড়িয়া- ৬ (বাঞ্ছারামপুর) আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি, এই দুটি আসন ফাঁকা রাখা হয়েছে।

নবীনগর আসনে এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নানের ওপর আস্থা

বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া-০৫ (নবীনগর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের জন্য দলীয় মনোনয়ন পেলেন এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সদ্য সাবেক আহ্বায়ক এবং নবীনগর উপজেলা বিএনপি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এই মনোনয়ন প্রাপ্তির খবরে নবীনগর উপজেলা বিএনপি’র নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। নেতাকর্মীরা মনে করছেন, তাঁর নেতৃত্বে নবীনগরে দলীয় কার্যক্রমে নতুন গতি আসবে।

মনোনয়ন প্রাপ্তির পর এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি জানান, “আমার নেতা বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই আমাকে বিএনপি’র ধানের শীষের প্রতীকে মনোনয়ন দেয়ায়।”

নির্বাচনী কার্যক্রমে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করে তিনি বলেন, “আমরা উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ ধানের শীষের বিজয়ে মাঠে কাজ করবো। সকলে আমার জন্য দোয়া করবেন।”

আরও পড়ুন