শনিবার ১১ জুলাই, ২০২৬

বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের জন্য সৌদি ভ্রমণে নতুন ট্রাভেল প্যাকেজ চালু

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - passport
বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের জন্য সৌদি ভ্রমণে নতুন ট্রাভেল প্যাকেজ চালু/ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন সমন্বিত ভ্রমণ ও ভিসা সুবিধা চালু করেছে সৌদি আরব। নতুন এই ব্যবস্থার আওতায় একটি ট্রাভেল প্যাকেজ বুকিংয়ের মাধ্যমেই বিমান টিকিট, হোটেল, ইলেকট্রনিক (ই-ভিসা) এবং ভ্রমণ বীমার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। ফলে আলাদাভাবে ভিসার আবেদন বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না।

সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে প্যাকেজ বুকিং সম্পন্ন হওয়ার সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যেই ই-ভিসা ইস্যু করা হবে। এরপর আবেদনকারীরা ই-মেইলের মাধ্যমে ভিসা, ভ্রমণ বীমা এবং প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত নথিপত্র পেয়ে যাবেন।

গালফ নিউজ বলছে, প্রাথমিকভাবে রিজার্ভাল এবং আলমোসাফের—এই দুটি অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে সেবাটি দেওয়া হচ্ছে।

নতুন ভিসা প্যাকেজের আওতায় ইস্যুকৃত ই-ভিসার মেয়াদ হবে তিন মাস। এটি একবার প্রবেশের (সিঙ্গেল এন্ট্রি) ভিসা এবং এর মাধ্যমে ভ্রমণকারীরা ন্যূনতম ২ দিন থেকে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত সৌদি আরবে অবস্থান করতে পারবেন।

এই সুবিধা পেতে ট্রাভেল প্যাকেজে নিশ্চিত ফিরতি বিমান টিকিট, সৌদি পর্যটন মন্ত্রণালয় অনুমোদিত ন্যূনতম চার তারকা মানের হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ভিসার আবেদন অন্তর্ভুক্ত থাকতে হবে।

প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম দুই দিনের সর্বনিম্ন ট্রাভেল প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার সৌদি রিয়াল। এরপর প্রতি অতিরিক্ত দিনের জন্য আরও ১ হাজার সৌদি রিয়াল যোগ হবে। এছাড়া ভিসা ইস্যু ও ভ্রমণ বীমাসহ মোট ভিসা ফি নির্ধারণ করা হয়েছে ৪০২.২১ সৌদি রিয়াল।

আরও পড়ুন