
ফেনীর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১ লাখ ১৮ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা, স্কাফ সিরাপ ও শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৮ নভেম্বর) ভোরে জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও চোরাচালানের মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধীন মধুগ্রাম ও তারাকুচা বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ গাঁজা, স্কাফ সিরাপ ও শাড়ি জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ১৮ হাজার টাকা।
৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম বাসসকে জানান, সীমান্তে চোরাচালান ও মাদকের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে।
তিনি আরও জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








