
ফেনী শহরে কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণ এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে পুলিশ। পরে আটক ব্যক্তিদের মধ্যে ১৬ জনকে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি পাঁচজনের অভিভাবক থানায় উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেনী শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে ফেনী মডেল থানা-পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শহরের বিভিন্ন এলাকায় কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় সহদেবপুর, স্টেশন রোড, লালপোল ও খেজুরিয়া এলাকায় অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে এসব এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করার অভিযোগে ১৫ থেকে ২২ বছর বয়সী ২১ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ জানান, কিশোর গ্যাংয়ের তৎপরতা কমানো এবং অপরাধপ্রবণতা রোধে শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ১৬ জনের অভিভাবকদের থানায় ডেকে মুচলেকা নেওয়ার পর তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বাকি পাঁচজনের অভিভাবকেরা থানায় উপস্থিত না হওয়ায় বিধি অনুযায়ী তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শহরে কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণ এবং অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।











