
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষীকিতে নেতাকর্মীদের অন্যায়,অবিচার না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ (এমপি)
তিনি বলেন, আজ প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের কথা দিতে হবে আমরা বিএনপির নেতাকর্মীরা কোন অন্যায় করব না, অত্যাচার করব না, অবিচার করব না এবং আওয়ামী লীগের মতো দুর্নীতি করব না। আমরা সৎভাবে জীবনযাপন করব। আমাদের হাত দ্বারা কোনো ভাই যেন কষ্ট না পায় এই শপথ আমাদের নিয়ে যেতে হবে।
পহেলা সেপ্টেম্বর বিকেলে মুরাদনগর সদর বড় মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ শপথ করান।
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, আমরা বিগত ১৭ বছর এভাবে দোয়া পড়া তো দূরের কথা, একসঙ্গে বসে কথাও বলতে পারতাম না। আল্লাহ আমাদের একসঙ্গে বসে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা মরহুম জিয়াউর রহমানের আত্মার মাগফেরাতের জন্য দোয়া করি।
তিনি বলেন, স্বাধীনতার পর এই দেশের সবচেয়ে জনপ্রিয় দল ছিল আওয়ামী লীগ। মাত্র সাড়ে তিন বছরের মধ্যেই তাদের জনপ্রিয়তা শেষ হয়ে যায় এবং জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় শুধুমাত্র তাদের অত্যাচার, জুলুম ও নির্যাতনের কারণে।
আমরা আজ মিছিল-মিটিংয়ের পরিবর্তে দোয়ার আয়োজন করেছি এ কারণে যে, আমরা আজ আল্লাহর কাছে চাইব। আল্লাহ চেয়েছেন বলেই এই আওয়ামী লীগকে সরিয়ে আমাদের ক্ষমতায় এনেছেন। আল্লাহ আমাকে যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্ত করে দেশে এনেছেন, আপনাদের দোয়ায় ৬ বার সংসদ সদস্য নির্বাচিত করেছেন এবং আল্লাহর মেহেরবানিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে মন্ত্রী বানিয়েছেন।
আপনারা তারেক রহমানের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাঁকে হেফাজত করেন। তিনি শহীদ জিয়াউর রহমানের ছেলে, তাঁর মাতা এই দেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। এমন সৌভাগ্যবান আর কয়জন হতে পারেন? তাঁর সিদ্ধান্তগুলো যেন বাস্তবায়ন করতে পারেন, সেই দোয়া করবেন।
“এ দেশের মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড, বিধবা কার্ড, কৃষক কার্ড এসব উদ্যোগ নিয়েছেন তারেক রহমান। তিনি তাঁর ব্যক্তিগত দূরদর্শী চিন্তাভাবনার মাধ্যমে এগুলো করেছেন।
আপনারা জানেন, এই আওয়ামী লীগ গত ১৭ বছরে দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। গ্যাস, বিদ্যুৎসহ সকল ক্ষেত্রে তারা হাজার হাজার কোটি টাকার লুটপাট করে গেছে। যার কারণে আপনারা এখন এসব নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন।
আপনারা জানেন, একটি বাচ্চাকে মা-বাবা ডাকতে শিখতেও একটু সময় দিতে হয়। আমাদেরও আপনারা একটু সময় দিন। যে অবস্থায় তারা দেশকে ফেলে রেখে গেছে, সেই অবস্থা থেকে উঠে দাঁড়াতে আমাদের সময় দিয়ে আপনারা সহযোগিতা করুন।
দেশকে স্বাভাবিক করতে একটু সময় লাগবে। বিদ্যুতের ঘাটতি দূর করতে, গ্যাসের পরিস্থিতি স্বাভাবিক করতে একটু সময় লাগবে। আর বিষয়গুলো সাধারণ মানুষকে আপনারা বোঝাতে হবে।
সংখ্যালঘুদের সম্পর্কে তিনি বলেন, আমাদেরকে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাদের প্রতি কোনো অত্যাচার করা যাবে না। আল্লাহর রাসুল বলেছেন, হিন্দুদের জান-মাল নিরাপদে রাখা তোমাদের ওপর ফরজ। তারা যেন মাথা উঁচু করে চলাফেরা করতে পারে। কোনো রকম অত্যাচার যেন তাদের প্রতি করা না হয়, সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে।
বিরোধী দলের তারাও আমাদের ভাই বোন তাদের প্রতি অবিচার করা যাবে না। তবে ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষীকিতে মুরাদনগর বিএনপির দোয়া মাহফিল সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে।
পবিত্র কুরআন খতম ও দোয়ায়ে ইউনুস পাঠ করে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপির জন্য দোয়া করা হয়। হাজার হাজার জনতার দোয়া দুরুদ আর মোনাজাতে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।
উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অন্জনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভুইয়া, উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মোল্লা, নজরুল ইসলাম, ফারুক সরকার মজিব, শাহ আলম সরকার, মির্জা শহিদুল্লাহ, জহির সিদ্দিকী, দুলাল সরকার, হাজী ইদ্রিস। ও উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ বাদশার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা যুবদলের আহবায়ক সোহেল সামাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা ও সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট নাছির উদ্দীন আহমেদ, কৃষক দলের আহবায়ক নায়েব আলী, ওলামা দলের আহবায়ক ক্বারী মহিবুল্লাহ। ছাত্রদলের আহবায়ক খায়রুল আহসান,সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিমুদ্দিন, সদস্য সচিব সুমন মাষ্টার।। উপজেলা যুবদলের নেতা গাজী আব্দুল বাছির, বিএনপি নেতা আনিছ খান, রুহুল আমিন খোকন, জিসাস সভাপতি জসিমউদদীনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।










