শুক্রবার ৯ অক্টোবর, ২০২৬

পোস্টাল ভোটিংয়ে ‘বাংলাদেশ মডেল’ নিতে চায় নেপাল-শ্রীলঙ্কা

রাইজিং কুমিল্লা ডেস্ক

ছবি: সংগৃহীত

প্রযুক্তিনির্ভর পোস্টাল ভোটিং ব্যবস্থায় বাংলাদেশের অভিজ্ঞতা ও উদ্ভাবনকে কাজে লাগাতে আগ্রহী হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার দুই দেশ নেপাল ও শ্রীলঙ্কা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী এবং দেশের অভ্যন্তরে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগে ‘আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং সিস্টেম’ চালুর মাধ্যমে নতুন অভিজ্ঞতা অর্জন করেছে বাংলাদেশ।

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ব্যবস্থার কার্যকারিতা ও অভিজ্ঞতা জানতে এরই মধ্যে বাংলাদেশের দ্বারস্থ হয়েছে নেপাল। একই মডেলের প্রতি আগ্রহ দেখিয়েছে শ্রীলঙ্কাও। সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশের এ উদ্ভাবন আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়লে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হওয়ার পাশাপাশি প্রযুক্তিটির গ্রহণযোগ্যতা ও কার্যকারিতা আরও বাড়বে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী এবং দেশের অভ্যন্তরে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের পোস্টাল ভোটিংয়ের আওতায় এনেছে নির্বাচন কমিশন (ইসি)। ‘মেড ইন বাংলাদেশ’ প্রযুক্তিতে তৈরি ‘আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং সিস্টেম’ সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে বিশ্বে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ।

ইসির কর্মকর্তারা জানান, অন্য কোনো দেশ এ প্রযুক্তি গ্রহণ করলে কারিগরি নানা ত্রুটি-বিচ্যুতির টেকসই সমাধান খুঁজে পাওয়া সহজ হবে। এতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হওয়ার পাশাপাশি প্রযুক্তিটির গ্রহণযোগ্যতাও আরও বাড়বে।

আরও পড়ুন