বৃহস্পতিবার ৮ অক্টোবর, ২০২৬

চাঁদপুরে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু, নদী-ঘাটে নীরবতা

রাইজিং কুমিল্লা ডেস্ক

চাঁদপুরে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু, নদী-ঘাটে নীরবতা/ছবি: সংগৃহীত

চাঁদপুরে মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে পদ্মা-মেঘনার ৭০ কিলোমিটার অভয়াশ্রমে সব ধরনের মাছ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১২টা থেকে কার্যকর হওয়া এ নিষেধাজ্ঞা চলবে ২৯ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।

নিষেধাজ্ঞার প্রথম দিন বৃহস্পতিবার দুপুরে শহরের বড় স্টেশন, টিলাবাড়ী ও লঞ্চঘাট এলাকায় গিয়ে দেখা যায়, পদ্মা-মেঘনার নদী অনেকটাই ফাঁকা। নদীতে জেলে নৌকার তেমন কোনো উপস্থিতি দেখা যায়নি। এ সময় ট্রলারে করে নদীতে মাইকিংয়ের মাধ্যমে জেলেদের সচেতন করতে দেখা যায় স্থানীয় মৎস্যজীবী নেতাকর্মীদের।

দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটেও ছিল নীরবতা। নিষেধাজ্ঞার আগের দিন বুধবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত যেখানে ইলিশ কেনাবেচায় ছিল ব্যাপক কর্মচাঞ্চল্য, বৃহস্পতিবার সেখানে অধিকাংশ আড়ত ছিল ফাঁকা। কয়েকটি আড়তে লোকজন থাকলেও তারা মাছ কেনাবেচার পরিবর্তে হিসাব-নিকাশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত ছিলেন।

ঘাটের ইলিশ বিক্রেতা আকবর আলী বেপারী বলেন, প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টার মধ্যে আড়তে আসেন। বৃহস্পতিবারও যথারীতি এসেছেন। তবে নিষেধাজ্ঞার কারণে তেমন কোনো কাজ নেই। অনেকেই আড়ত পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন।

এদিকে মাছঘাটে ইলিশ ক্রয়-বিক্রির কাজে নিয়োজিত শতাধিক শ্রমিকও কর্মহীন হয়ে পড়েছেন। তাদের অনেককে আড়তের পাশে বসে অবসর সময় কাটাতে দেখা গেছে।

শ্রমিক সোলায়মান ও আনিছুর রহমান বলেন, কাজ না থাকলেও বাড়িতে বসে থাকতে ভালো লাগে না। তাই আড়তের পাশে বসে সময় কাটাচ্ছেন। ২২ দিন তাদের এভাবেই বেকার থাকতে হবে।

জেলা টাস্কফোর্সের নির্দেশনায় শহরের সব বরফকল ২২ দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দেশের অভ্যন্তরীণ জলাশয়ে চাষ করা মাছ বিক্রির ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, অভয়াশ্রমের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলা টাস্কফোর্সের পাশাপাশি নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা অভিযান চালাচ্ছেন। নিষেধাজ্ঞার পুরো ২২ দিন ২৪ ঘণ্টা অভিযান অব্যাহত থাকবে।

মা ইলিশের প্রজনন রক্ষায় এ সময়ে পদ্মা-মেঘনায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী জেল ও জরিমানার ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুন