
বাংলাদেশের পাসপোর্টে আবারও ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৪ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাসপোর্টে কিছু পরিবর্তন আনা হচ্ছে। ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধটি আবার যুক্ত করা হবে। পাশাপাশি ভিসাপাতায় যে ব্যক্তিকেন্দ্রিক চর্চা ছিল, সেখানেও পরিবর্তন আনা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুতে দেশের নৈতিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত পুনর্বহাল করা হচ্ছে।
এর আগে অন্তর্বর্তী সরকারের সময় গত বছরের ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশনায় পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ বহালের কথা বলা হয়েছিল। তবে তখন সেটি সব ধরনের পাসপোর্টে পুরোপুরি কার্যকর করা সম্ভব হয়নি।
পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দায়িত্ব নেওয়া বিএনপি সরকার বিষয়টি শতভাগ কার্যকরের উদ্যোগ নেয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ধাপে ধাপে নতুন ই-পাসপোর্টে এই শর্ত ছাপানো হবে।
তবে বর্তমানে যাদের পাসপোর্ট রয়েছে, তাদের জন্য তাৎক্ষণিক কোনো জটিলতা তৈরি হবে না। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর নবায়নের সময় নাগরিকরা স্বয়ংক্রিয়ভাবে নতুন সংস্করণের পাসপোর্ট পাবেন।
উল্লেখ্য, ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে ই-পাসপোর্ট চালুর সময় পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধটি বাদ দেওয়া হয়েছিল। সে সময় বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়।







