বুধবার ৯ সেপ্টেম্বর, ২০২৬

পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Prime Minister orders strict measures to stop the use of polythene and plastic
পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর/ছবি: সংগৃহীত

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে সংশ্লিষ্টদের আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণবিষয়ক এক পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

সভায় পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বাড়ানোর পাশাপাশি বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা জোরদার এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ভবিষ্যৎ করণীয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে বিদ্যমান উদ্যোগগুলো আরও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

পর্যালোচনা সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক) ড. সাইমুম পারভেজসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

আরও পড়ুন