শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬

ন্যূনতম ১০ লাখ ডলার বিদেশি বিনিয়োগ আনলেই মিলবে ১.২৫% প্রণোদনা, নতুন নীতিমালা সরকারের

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

RisingCumilla - Incentive
প্রতীকি ছবি/রাইজিং কুমিল্লা সম্পাদিত

দেশে নতুন প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে বিশেষ আর্থিক প্রণোদনা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে নতুন বিদেশি বিনিয়োগ আনতে কার্যকর ভূমিকা রাখতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান বিনিয়োগের ১ দশমিক ২৫ শতাংশ অর্থ প্রণোদনা হিসেবে পাবেন। তবে এ সুবিধা পেতে বিনিয়োগের পরিমাণ কমপক্ষে ১০ লাখ মার্কিন ডলার হতে হবে।

এ উদ্যোগের আওতায় প্রবাসী বাংলাদেশিসহ দেশের যেকোনো নাগরিক এবং শতভাগ বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান আবেদন করতে পারবে। বিনিয়োগের অর্থের উৎস যাচাই, আগাম নিবন্ধন এবং বিনিয়োগ বাস্তবায়নের অগ্রগতিসহ বেশ কিছু শর্তও নির্ধারণ করেছে সরকার।

এ লক্ষ্যে ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’ জারি করা হয়েছে। গত ২৫ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত গেজেটে এ নীতিমালার বিস্তারিত জানানো হয়। বিদেশি বিনিয়োগের সম্ভাব্য উৎস শনাক্ত, বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং দেশে নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

নীতিমালা অনুযায়ী, বিদেশি বিনিয়োগের সুযোগ তৈরি ও বিনিয়োগ দেশে আনতে কার্যকর ভূমিকা পালনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ‘লিড জেনারেটর’ হিসেবে গণ্য করা হবে। কোনো লিড জেনারেটর অন্তত ১০ লাখ মার্কিন ডলারের নতুন ইক্যুইটিভিত্তিক বিনিয়োগ আনতে পারলে তিনি সংশ্লিষ্ট বিনিয়োগের ১ দশমিক ২৫ শতাংশ প্রণোদনা পাবেন। অর্থাৎ ১০ লাখ ডলারের বিনিয়োগ আনতে পারলে প্রণোদনা হিসেবে পাওয়া যাবে ১২ হাজার ৫০০ ডলার।

তবে বিদ্যমান বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে না। একইভাবে আগে থেকে দেশে ব্যবসা পরিচালনাকারী কোনো বিদেশি বিনিয়োগকারীর অতিরিক্ত শেয়ার কেনা কিংবা বিদ্যমান প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা বাড়ানোর বিনিয়োগও এ প্রণোদনার আওতায় আসবে না। তবে কোনো বিদ্যমান বিনিয়োগকারী সম্পূর্ণ নতুন খাতে বা ভিন্ন কোনো কোম্পানিতে বিনিয়োগ করলে সেটি বিবেচনার সুযোগ থাকবে।

প্রণোদনার জন্য আবেদন করতে পারবেন প্রবাসী বাংলাদেশিসহ সব বাংলাদেশি নাগরিক। পাশাপাশি বাংলাদেশে নিবন্ধিত শতভাগ বাংলাদেশি মালিকানাধীন অংশীদারি প্রতিষ্ঠান ও লিমিটেড কোম্পানিও এ সুবিধার যোগ্য হবে। আবেদনকারীর বৈধ জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট এবং ই-টিআইএন থাকতে হবে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগ আনতে তাঁর কার্যকর ও যাচাইযোগ্য ভূমিকার প্রমাণ উপস্থাপন করতে হবে।

নীতিমালায় বলা হয়েছে, বিনিয়োগ চূড়ান্ত হওয়ার আগেই ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের নির্ধারিত অনলাইন পোর্টালে আবেদনকারীকে প্রাক্‌-নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের পর তাঁকে একটি স্বতন্ত্র ‘লিড রেজিস্ট্রেশন আইডি’ দেওয়া হবে। পরবর্তী সময়ে বিনিয়োগের অর্থ দেশে আসার ৩০ দিনের মধ্যে একই পোর্টালের মাধ্যমে প্রণোদনার জন্য আবেদন করতে হবে।

আবেদনের সঙ্গে নিবন্ধন আইডি, বিনিয়োগকারীর সঙ্গে যোগাযোগের প্রমাণ, বিনিয়োগকারীর সুপারিশপত্র, হলফনামা, ই-টিআইএন সনদ এবং জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের অনুলিপি জমা দিতে হবে। এ ছাড়া ব্যাংকিং চ্যানেলে বিনিয়োগের অর্থ দেশে আসার প্রমাণ হিসেবে সুইফট কপি ও অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের এনক্যাশমেন্ট সার্টিফিকেট দিতে হবে। বিনিয়োগ আনতে আবেদনকারীর ভূমিকা কী ছিল, তার বিস্তারিত বিবরণও আবেদনে উল্লেখ করতে হবে।

প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে আবেদনকারীদের যোগ্যতা যাচাইয়ে ১০০ নম্বরের মূল্যায়ন পদ্ধতি রাখা হয়েছে। প্রাথমিক যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্রের জন্য ২৫ নম্বর করে, বিনিয়োগকারীর সুপারিশের জন্য ২০, বিনিয়োগের পরিমাণ ও প্রভাবের জন্য ২০ এবং স্বার্থের সংঘাতমুক্ত থাকার ক্ষেত্রে ১০ নম্বর বরাদ্দ রয়েছে। প্রণোদনা পেতে হলে একজন আবেদনকারীকে ন্যূনতম ৭০ শতাংশ নম্বর অর্জন করতে হবে।

বিনিয়োগের পরিমাণের ভিত্তিতেও নম্বর নির্ধারণ করা হয়েছে। ১ থেকে ৫ মিলিয়ন ডলারের বিনিয়োগে ৪ নম্বর, ৫ দশমিক ১ থেকে ১০ মিলিয়ন ডলারে ৮, ১০ দশমিক ১ থেকে ২০ মিলিয়ন ডলারে ১২ এবং ২০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের ক্ষেত্রে ১৬ নম্বর দেওয়া হবে।

অনুমোদিত প্রণোদনার অর্থ একবারে নয়, দুই কিস্তিতে বিতরণ করা হবে। আবেদন অনুমোদন এবং বিনিয়োগের অর্থ দেশে আসার বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রথম ধাপে মোট প্রণোদনার ৫০ শতাংশ দেওয়া হবে। অবশিষ্ট ৫০ শতাংশ দেওয়া হবে এক বছর পর। তবে দ্বিতীয় কিস্তি পেতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কারখানা স্থাপন, যন্ত্রপাতি আমদানি কিংবা বাণিজ্যিক কার্যক্রম শুরুর ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি থাকতে হবে। এ বিষয়ে কার্যনির্বাহী কমিটির সন্তুষ্টির ভিত্তিতে বাকি অর্থ ছাড় করা হবে।

প্রণোদনার অপব্যবহার এবং অর্থ পাচারের ঝুঁকি ঠেকাতে অর্থের উৎস যাচাইয়ে কঠোর শর্ত আরোপ করা হয়েছে। বিনিয়োগের অর্থ নগদে কিংবা কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে পাঠানো হলে তা গ্রহণযোগ্য হবে না। সুইফটের তথ্য এবং সংশ্লিষ্ট দেশের অর্থ পাচার প্রতিরোধবিষয়ক বিধিবিধান অনুসারে অর্থের উৎস যাচাই করা হবে। পাশাপাশি যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) এবং বাংলাদেশ ব্যাংকের তথ্যের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র মিলিয়ে দেখা হবে। বিনিয়োগের অর্থ গ্রহণকারী ব্যাংক হিসাবের সুবিধাভোগী ও আবেদনকারীর মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। প্রণোদনা বিতরণের ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে তৃতীয় পক্ষের নিরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।

স্বার্থের সংঘাত এড়াতে আবেদনকারীর সঙ্গে বিনিয়োগকারী কিংবা বিনিয়োগ গ্রহণকারী প্রতিষ্ঠানের বিনিয়োগের আগের দুই বছর এবং পরবর্তী দুই বছর কোনো আনুষ্ঠানিক সম্পর্ক থাকা যাবে না। ডিজিটাল পদ্ধতিতে পটভূমি যাচাই এবং হলফনামার মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করা হবে। এ ছাড়া বিনিয়োগের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত কোনো কর্মচারী, শেয়ারহোল্ডার কিংবা তাঁদের ঘনিষ্ঠ আত্মীয় এ প্রণোদনার জন্য যোগ্য হবেন না।

প্রণোদনার আবেদন যাচাই ও অনুমোদনের জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি জাতীয় পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, অর্থ বিভাগের সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সদস্য হিসেবে থাকবেন।

এ ছাড়া আবেদন যাচাই ও মূল্যায়নের জন্য পৃথক কার্যনির্বাহী কমিটি কাজ করবে। প্রয়োজন হলে এ কমিটি সরাসরি কিংবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীর সঙ্গে কথা বলে আবেদনকারীর প্রকৃত ভূমিকা ও অবদান যাচাই করতে পারবে।

নীতিমালায় প্রণোদনার অর্থ পরিচালনার জন্য অর্থ বিভাগের অধীনে পৃথক ‘এফডিআই ইনসেনটিভ তহবিল’ গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। আগের বছরের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ বিবেচনায় নিয়ে এ খাতে অর্থ বরাদ্দ দেবে অর্থ বিভাগ। অনুমোদিত ব্যাংকের মাধ্যমে প্রণোদনার অর্থ বিতরণ করা হবে। এ ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিরা প্রণোদনা হিসেবে পাওয়া অর্থ দেশের বাইরে স্থানান্তর করতে পারবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক।

এদিকে প্রণোদনা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতিবছর একটি ড্যাশবোর্ডে কার্যক্রমের তথ্য প্রকাশ করতে হবে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষকে। এতে মোট আবেদন, অনুমোদিত আবেদন, বিতরণ করা প্রণোদনা, বিনিয়োগের খাত এবং দেশে আসা বিদেশি বিনিয়োগের অগ্রগতির তথ্য থাকবে। পাশাপাশি নীতিমালাটি প্রতিবছর জাতীয় পর্যালোচনা কমিটির মাধ্যমে পর্যালোচনা করার বিধান রাখা হয়েছে।

আরও পড়ুন