বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬

দূরপাল্লার বাসে ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

রাইজিং কুমিল্লা ডেস্ক

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি/ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাস ও লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা এবং লঞ্চে প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রস্তাব তুলে ধরেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

বিবৃতিতে বলা হয়, জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন ভাড়া সমন্বয় করা স্বাভাবিক। তবে ভাড়া পুনর্নির্ধারণের ক্ষেত্রে যাত্রীদের প্রতিনিধিত্ব নিশ্চিত না করে বাস ও লঞ্চ মালিকদের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলোর রুদ্ধদ্বার বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠনটি।

যাত্রী কল্যাণ সমিতির অভিযোগ, ভাড়া নির্ধারণের প্রক্রিয়ায় স্বচ্ছতার পরিবর্তে লুকোচুরি করা হচ্ছে। যাত্রীদের প্রতিনিধিদের মতামত না নিয়েই মালিক সমিতি ও সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে ভাড়া নির্ধারণ করা হচ্ছে বলেও দাবি করা হয়েছে।

সংগঠনটি আরও বলেছে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে পরিবহন মালিকদের পরিচালন ব্যয় কতটা বেড়েছে এবং কত পয়সা ভাড়া বাড়ালে সেই ব্যয় সমন্বয় করা সম্ভব—এ বিষয়ে জনসম্মুখে স্বচ্ছ হিসাব প্রকাশ করা প্রয়োজন।

জনস্বার্থে বাস ও লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণের ক্ষেত্রে যাত্রীসাধারণের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

আরও পড়ুন