শনিবার ২৩ মে, ২০২৬

ত্রিশালে খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাইজিং কুমিল্লা ডেস্ক

ত্রিশালে খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ত্রিশালে খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান/ছবি: সংগৃহীত

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কার্যক্রমের অংশ হিসেবে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিয়ারপুর ধরার খাল (বৈলর খাল) পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৩ মে ২০২৬) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনের পর খালপাড়ে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন এবং সেখানে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উদ্বোধনী কার্যক্রম শেষে প্রধানমন্ত্রী ত্রিশালের দরিরামপুর নজরুল একাডেমি প্রাঙ্গণে তিন দিনব্যাপী জাতীয় নজরুল জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধনে অংশ নেবেন।

জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৩, ২৪ ও ২৫ মে এ উৎসবের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এদিকে প্রধানমন্ত্রীর প্রথম ত্রিশাল সফরকে ঘিরে পুরো উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ, র‍্যাব ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যদের তৎপরতায় পুরো এলাকা নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে।

জেলা প্রশাসনের কর্মসূচি অনুযায়ী, নজরুল জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা, মহানগর ও বিভাগীয় নেতাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন। পরে তিনি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন