
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
বৃহস্পতিবার আগারগাঁওয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মনোনয়নপত্র সংগ্রহ করে।
ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা-১৫ আসনে জামায়াতের আমির শফিকুর রহমানের পক্ষে এদিন মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনের জন্য রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর।
গত ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত ঢাকা-১৫ আসন থেকে বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম খান মিল্টনসহ অন্তত এক ডজন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
একই দিনে ঢাকা-১৩ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ।
নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে।
ঢাকা-১৫ আসন থেকে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন
স্বতন্ত্র প্রার্থী: আহাম্মদ সাজেদুল হক
স্বতন্ত্র প্রার্থী: মো. তানজিল ইসলাম
স্বতন্ত্র প্রার্থী: খান শোয়েব আমান উল্লাহ
বিএনপি: মো. শফিকুল ইসলাম খান
এনসিপি: আলমগীর ফেরদৌস
ইসলামী আন্দোলন বাংলাদেশ: এসএম ফজলুল হক
গণফোরাম: একেএম শফিকুল ইসলাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী: মো. শফিকুর রহমান
ঢাকা-১৩ আসন থেকে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন
স্বতন্ত্র প্রার্থী: সোহেল রানা
ইসলামী আন্দোলন বাংলাদেশ: মো. মুরাদ হোসেন
বিএনপি: মো. কামরুজ্জামান জুয়েল
জেএসডি: নেক মোহাম্মদ
এনসিপি: মো. আকরাম হোসেন
নাগরিক ঐক্য: মো. মাহমবুবুর রহমান
বিজেপি: মো. সোহেল রানা
বিএনপি/স্বতন্ত্র: কায়েস মাহমুদ
বিএনপি: ববি হাজ্জাজ
গণমুক্তিজোট: শাহরিয়ার ইফতেখার
রিপাবলিকান পার্টি: মো. আশরাফুল ইসলাম
স্বতন্ত্র প্রার্থী: শেখ মো. রবিউল ইসলাম
বাংলাদেশ খেলাফত মজলিস: মো. মামুনুল হক
নির্বাচন কমিশন জানিয়েছে, শুধু মনোনয়নপত্র সংগ্রহ করলেই হবে না—উপযুক্ত কাগজপত্রসহ মনোনয়নপত্র জমা দিতে হবে। দলীয় প্রার্থীদের ক্ষেত্রে দলীয় মনোনয়নের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক।
স্বতন্ত্র প্রার্থীদের জন্য সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার মোট ভোটারের অন্তত ১ শতাংশের সমর্থনসূচক স্বাক্ষর তালিকা জমা দিতে হবে অথবা আগে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার প্রমাণপত্র দেখাতে হবে।










