
ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় লার্ভিসাইড ও ফগিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) নগরীর ৯ ও ১০ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানের অংশ হিসেবে ৯ নম্বর ওয়ার্ডের বাগিচাগাঁও ডায়াবেটিস হাসপাতাল থেকে পশ্চিম পাশ হয়ে মেইন রোড, দক্ষিণ পাশ হয়ে মুক্তি হাসপাতাল, ইস্টার্ন প্লাজা হয়ে স্টেশন রোড এবং স্টেশন রোডের পূর্ব পাশ হয়ে মুন্সিবাড়ী জামে মসজিদ পর্যন্ত এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
এ ছাড়া ১০ নম্বর ওয়ার্ডের অতীন্দ্র মোহন রায় সড়কের উভয় পাশ হয়ে আনন্দধারা স্কুল পর্যন্ত, ধীরেন্দ্রনাথ দত্ত সড়ক, চেয়ারম্যান গলি, নিরাময় হাসপাতাল গলি, মুন হাসপাতালের সামনের এলাকা, ঝাউতলা রোডের উত্তর পাশ এবং এইচআর হাসপাতাল রোডেও অভিযান চালানো হয়।
অভিযানে স্প্রে মেশিনের মাধ্যমে এডিস মশার লার্ভা ধ্বংসে লার্ভিসাইড প্রয়োগ এবং ফগার মেশিনের মাধ্যমে উড়ন্ত বা প্রাপ্তবয়স্ক মশা নিয়ন্ত্রণে এডাল্টিসাইড প্রয়োগ করা হয়।
এ ছাড়া র্যাব-১১ অফিস, শাকতলা, অতিরিক্ত পুলিশ সুপারের বাসভবন, রহমান ভবন, ঝাউতলা, নগর শিশু উদ্যান, তোয়া হাউজিং, শেরে বাংলা ছাত্রী নিবাস, প্রশাসকের বাসভবন ও মহিলা কলেজ রোডসহ বিভিন্ন এলাকায়ও মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়েছে।
ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি নগরবাসীকে বাড়ি ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।










