
হাজীগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় বিল্লাল হোসেন (৪৮) নামে এক হাসপাতাল দারোয়ানের মৃত্যু হয়েছে।
রোববার (৩১ মে) সকাল ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ উপজেলার টোরাগড় এলাকার মনির ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিল্লাল হোসেন পার্শ্ববর্তী শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও গ্রামের ভূঁইয়া বাড়ির সাহেব আলী ভুঁইয়ার ছেলে। তিনি হাজীগঞ্জ বাজারের ডক্টরস সিটি স্ক্যান হাসপাতালে দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় লোকজন সিসিটিভি ফুটেজ দেখে জানান, সকালে কুমিল্লা থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিলো আইদি পরিবহনের যাত্রীবাহী একটি বাস। ঠিক তার পেছনে ছিলো বোগদাদ পরিবহনের আরেকটি বাস। বোগদাদ বাসটি আইদি বাসটি অতিক্রম করার চেষ্টা করছিল। কিন্তু আইদি পরিবহনের বাসটি বোগদাদকে অতিক্রম করার সুযোগ না দিলে বোগদাদ বাসটি রং সাইডে প্রবেশ করে। এ সময় সড়কের পাশে থাকা দারোয়ান বিল্লাল হোসেনকে চাপা দেয় বোগদাদ। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। দুর্ঘটনার পর চালক ও সুপারভাইজার বাস ফেলে পালিয়ে যান।
স্থানীয় বাসিন্দা সেন্টু বলেন, “দুই বাসের প্রতিযোগিতার কারণে অসহায় ও দরিদ্র লোকটির মৃত্যু হয়েছে। এটি সম্পূর্ণ বেপরোয়া চালনার ফল।”
নিহতের চাচা আবদুল মান্নান ভুঁইয়া জানান, বিল্লাল হোসেন তিন সন্তানের জনক ছিলেন। তিনি প্রতিদিন বাড়ি থেকে হাজীগঞ্জে এসে হাসপাতালে দায়িত্ব পালন করতেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, “দুর্ঘটনায় জড়িত বোগদাদ ও আইদি পরিবহনের দুটি বাস জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”








