
চাঁদপুরের কচুয়ায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের বসবাসের কক্ষ থেকে চার পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধারের পর ডা. সৈয়দ আসিফ ইস্পাহানী নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (৯ আগস্ট) রাতে কচুয়া সিটি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (১০ আগস্ট) দুপুরে গ্রেপ্তার চিকিৎসকের বিরুদ্ধে কচুয়া থানায় মামলা দায়ের করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া সিটি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাসপাতালের তৃতীয় তলায় চিকিৎসকের বসবাসের কক্ষে তল্লাশি চালিয়ে চার পিস ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযানের পর চিকিৎসক ডা. সৈয়দ আসিফ ইস্পাহানীকে আটক করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কচুয়া থানায় নিয়ে যাওয়া হয়।
চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডা. সৈয়দ আসিফ ইস্পাহানী দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে সম্পৃক্ত এবং নিজে মাদক সেবন করেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, অভিযানে চিকিৎসকের বসবাসের কক্ষ থেকে চার পিস ইয়াবা ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মিজানুর রহমান আরও বলেন, চিকিৎসকের মতো গুরুত্বপূর্ণ পেশায় থাকা কেউ যাতে মাদকের সঙ্গে সম্পৃক্ত না হন, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি। একই সঙ্গে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের মালিকদের চিকিৎসক নিয়োগের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মেহেদী হাসান, এএসআই মো. তোফায়েল আহমেদ, বেলায়েত হোসেনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।









