
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে চাঁদপুর শহরের পুরাতন বাজার এলাকার সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় শহরের পুরান বাজার এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লা আল ইমরান।
অভিযানকালে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন শিশুখাদ্য বিক্রয়ের দায়ে আলমগীর স্টোরের মালিককে ৫ হাজার টাকা, একই অপরাধে মাসুদ স্টোরের মালিককে ৫ হাজার টাকা, মাশাল্লাহ স্টোরের মালিককে ৫ হাজার টাকা এবং রাসেল স্টোরের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে জয় গোপাল স্টোরের মালিককে ১০ হাজার টাকা, মিলন স্টোরের মালিককে ৫ হাজার টাকা এবং মামনী স্টোরের মালিককে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। সব মিলিয়ে জরিমানার পরিমাণ দাঁড়ায় ৩৫ হাজার টাকা।
অভিযান চলাকালে উদ্ধারকৃত মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মালিকরা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকবেন বলে লিখিত অঙ্গীকার প্রদান করেন।
এ সময় অভিযানে সার্বিক নিরাপত্তা ও সহায়তা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।










