রবিবার ৩১ মে, ২০২৬

চলতি বছর হজে গিয়ে মারা গেছেন ৩৭ বাংলাদেশি

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Hajj
ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালন শেষে বাংলাদেশি হাজিদের দেশে ফেরার কার্যক্রম শুরু হয়েছে। ফিরতি ফ্লাইটের মাধ্যমে ইতোমধ্যে ৬ হাজার ১৭৫ জন হাজি দেশে পৌঁছেছেন। একই সঙ্গে চলতি বছর সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের মধ্যে এখন পর্যন্ত ৩৭ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছে।

শনিবার (৩০ মে) রাতে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্প ডেস্ক প্রকাশিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিন অনুযায়ী, ৩০ মে থেকে আনুষ্ঠানিকভাবে হাজিদের ফিরতি ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে। প্রথম ফিরতি ফ্লাইটটি স্থানীয় সময় রাত ২টা ৪ মিনিটে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৪৫ জন হাজি নিয়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে। ফ্লাইটটি বাংলাদেশ সময় সকাল ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

রবিবার (৩১ মে) রাত ৩টা পর্যন্ত মোট ১৫টি ফিরতি ফ্লাইটে ৬ হাজার ১৭৫ জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭৫৯ জন হাজি রয়েছেন।

ফিরতি যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১ হাজার ১৮৪ জন, সৌদি এয়ারলাইন্স ১ হাজার ৬৯১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৩ হাজার ৩০০ জন হাজিকে দেশে পৌঁছে দিয়েছে।

এ পর্যন্ত পরিচালিত ১৫টি ফিরতি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩টি, সৌদি এয়ারলাইন্স ৪টি এবং ফ্লাইনাস ৮টি ফ্লাইট পরিচালনা করেছে।

এদিকে, চলতি হজ মৌসুমে সৌদি আরবে মোট ৩৭ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ১৩ জন নারী। তাদের মধ্যে মক্কায় ২৭ জন এবং মদিনায় ১০ জন মারা গেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত ১৭৬ জন বাংলাদেশি হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। বর্তমানে ২৬ জন হাজি বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এর আগে, গত ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছিল।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে সৌদি আরবগামী প্রথম হজ ফ্লাইট পরিচালিত হয় ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ছিল ২১ মে। অন্যদিকে, হাজিদের ফিরতি ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে ৩০ মে থেকে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।

আরও পড়ুন