
গ্যাসের মূল্যবৃদ্ধি, রান্নাঘরের নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষার বিষয়টি সামনে আসায় দেশে অনেক পরিবারই ধীরে ধীরে বৈদ্যুতিক চুলার দিকে ঝুঁকছে। বাজারে বর্তমানে সবচেয়ে বেশি আলোচনায় থাকা দুটি বিকল্প হলো ইন্ডাকশন ও ইনফ্রারেড কুকটপ। দেখতে প্রায় একই রকম হলেও প্রযুক্তি, রান্নার গতি, বিদ্যুৎ খরচ ও নিরাপত্তার দিক থেকে দুটির মধ্যে রয়েছে বেশ কিছু পার্থক্য।
নতুন কুকটপ কেনার আগে তাই নিজের রান্নার ধরন, ব্যবহৃত হাঁড়ি-পাতিল এবং বিদ্যুৎ খরচের বিষয়টি বিবেচনা করে সঠিক চুলা বেছে নেওয়া গুরুত্বপূর্ণ।
ইন্ডাকশন চুলা কীভাবে কাজ করে
ইন্ডাকশন চুলায় ব্যবহার করা হয় চুম্বকনির্ভর প্রযুক্তি। এতে চুলার ওপর রাখা নির্দিষ্ট ধরনের পাত্রের তলদেশে সরাসরি তাপ সৃষ্টি হয়। ফলে কুকটপের ওপরের অংশ তুলনামূলক কম গরম থাকে, আর পাত্র দ্রুত উত্তপ্ত হয়ে রান্নার কাজ সম্পন্ন করে।
এই প্রযুক্তির কারণে ইন্ডাকশন চুলায় রান্নার সময় কম লাগে এবং তাপের অপচয়ও তুলনামূলক কম হয়। ফলে দীর্ঘ সময় ব্যবহার করলে বিদ্যুৎ সাশ্রয়ের সুবিধা পাওয়া যায়।
ইন্ডাকশন চুলার সুবিধা ও অসুবিধা
ইন্ডাকশন চুলার অন্যতম বড় সুবিধা হলো এর দ্রুত রান্নার সক্ষমতা। অল্প সময়েই পানি ফুটে ওঠে এবং তরকারি, ভাজি কিংবা অন্যান্য খাবার দ্রুত রান্না করা যায়। তাপ সরাসরি পাত্রের তলদেশে উৎপন্ন হওয়ায় শক্তির অপচয়ও কম হয়।
নিরাপত্তার দিক থেকেও ইন্ডাকশন এগিয়ে। পাত্র সরিয়ে নিলে অনেক মডেল স্বয়ংক্রিয়ভাবে তাপ দেওয়া বন্ধ করে দেয়। কুকটপের কাচের অংশও সাধারণত ইনফ্রারেড চুলার মতো অতিরিক্ত গরম হয় না। ফলে অসাবধানতাবশত হাত পুড়ে যাওয়ার ঝুঁকি তুলনামূলক কম।
তবে ইন্ডাকশন চুলার সীমাবদ্ধতাও রয়েছে। এতে সব ধরনের হাঁড়ি-পাতিল ব্যবহার করা যায় না। সাধারণত লোহা বা চুম্বক আকর্ষণ করে এমন পাত্র প্রয়োজন হয়। অ্যালুমিনিয়াম বা কাচের পাত্র ব্যবহার করতে হলে সেটির তলায় বিশেষ ম্যাগনেটিক স্তর থাকতে হয়।
এ ছাড়া বিদ্যুৎ চলে গেলে ইন্ডাকশন চুলায় রান্না বন্ধ হয়ে যায়।
ইনফ্রারেড চুলা কীভাবে কাজ করে
ইনফ্রারেড চুলা তাপ রশ্মিনির্ভর প্রযুক্তিতে কাজ করে। এর ভেতরের হিটিং এলিমেন্ট বিদ্যুৎ পেলে উত্তপ্ত হয়ে লালচে হয়ে ওঠে। সেখান থেকে উৎপন্ন তাপ সরাসরি পাত্রের তলায় পৌঁছে খাবার রান্না করে।
গ্যাসের চুলার মতো সরাসরি আগুন না থাকলেও ইনফ্রারেড চুলায় তাপ ছড়িয়ে পড়ার ধরন অনেকটা প্রচলিত চুলার কাছাকাছি। ফলে গ্যাসের চুলা ব্যবহারে অভ্যস্ত অনেকের কাছে এটি সহজ ও পরিচিত মনে হতে পারে।
ইনফ্রারেড চুলার সুবিধা ও অসুবিধা
ইনফ্রারেড চুলার সবচেয়ে বড় সুবিধা হলো এতে প্রায় সব ধরনের হাঁড়ি-পাতিল ব্যবহার করা যায়। অ্যালুমিনিয়াম, স্টিল, কাচ কিংবা মাটির পাত্র—বেশিরভাগ ক্ষেত্রেই আলাদা কোনো বিশেষ পাত্রের প্রয়োজন হয় না।
এ কারণে যাদের রান্নাঘরে আগে থেকেই বিভিন্ন ধরনের হাঁড়ি-পাতিল রয়েছে, তাদের জন্য ইনফ্রারেড চুলা তুলনামূলক সুবিধাজনক হতে পারে।
তবে এর তাপ উৎপাদনের পদ্ধতির কারণে বিদ্যুৎ খরচ তুলনামূলক বেশি হতে পারে। রান্নার সময় তাপ চারদিকে ছড়িয়ে পড়ায় রান্নাঘরও দ্রুত গরম হয়ে ওঠে। একই সঙ্গে কুকটপের কাচের পৃষ্ঠ অনেক বেশি গরম হয়, ফলে অসতর্ক হলে পোড়া লাগার আশঙ্কা থাকে।
বিদ্যুৎ সাশ্রয়ে কোনটি এগিয়ে?
শক্তি ব্যবহারের দিক থেকে ইন্ডাকশন চুলা সাধারণত বেশি দক্ষ। এতে ব্যবহৃত বিদ্যুতের বড় অংশ সরাসরি পাত্র গরম করতে কাজে লাগে। বিভিন্ন ব্যবহারে ইন্ডাকশনের দক্ষতা প্রায় ৮৫ থেকে ৯০ শতাংশ পর্যন্ত হতে পারে।
অন্যদিকে ইনফ্রারেড চুলায় তাপ ছড়িয়ে পড়ার কারণে শক্তির অপচয় তুলনামূলক বেশি হয় এবং দক্ষতা সাধারণত প্রায় ৬৫ থেকে ৭০ শতাংশের মধ্যে থাকে।
তাই দীর্ঘ সময় নিয়মিত রান্নার ক্ষেত্রে ইন্ডাকশন চুলা বিদ্যুৎ বিল কম রাখার ক্ষেত্রে তুলনামূলক সুবিধা দিতে পারে।
রান্নার গতি ও তাপ নিয়ন্ত্রণ
রান্নার গতি ও তাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও ইন্ডাকশন এগিয়ে। এতে দ্রুত তাপ উৎপন্ন হয় এবং তাপমাত্রা তুলনামূলক সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করা যায়। চুলা বন্ধ করলে তাপ উৎপাদনও দ্রুত বন্ধ হয়ে যায়।
ইনফ্রারেড চুলায় হিটিং এলিমেন্ট গরম হতে এবং ঠান্ডা হতে কিছুটা সময় নেয়। ফলে তাপমাত্রা পরিবর্তনের প্রতিক্রিয়াও তুলনামূলক ধীর।
নিরাপত্তায় কোনটি ভালো?
নিরাপত্তার দিক থেকে ইন্ডাকশন চুলা সাধারণত এগিয়ে। পাত্র না থাকলে অনেক মডেল চালু হয় না এবং কুকটপের পৃষ্ঠও তুলনামূলক কম গরম থাকে।
অন্যদিকে ইনফ্রারেড চুলার হিটিং এলিমেন্ট ও কাচের পৃষ্ঠ রান্নার সময় বেশ গরম হয়ে যায়। রান্না শেষ হওয়ার পরও কিছু সময় পৃষ্ঠ গরম থাকতে পারে। তাই শিশু বা বয়স্ক সদস্য থাকা পরিবারে ব্যবহার করার সময় বাড়তি সতর্কতা প্রয়োজন।
তাহলে কোনটি বেছে নেবেন?
ইন্ডাকশন ও ইনফ্রারেড—দুটিরই রয়েছে আলাদা সুবিধা ও সীমাবদ্ধতা। কোনটি আপনার জন্য ভালো হবে, তা নির্ভর করবে আপনার রান্নার ধরন, বিদ্যুৎ ব্যবহারের সামর্থ্য, হাঁড়ি-পাতিল এবং পরিবারের প্রয়োজনের ওপর।
দ্রুত রান্না, তুলনামূলক কম বিদ্যুৎ খরচ এবং বাড়তি নিরাপত্তা চাইলে ইন্ডাকশন কুকটপ হতে পারে ভালো বিকল্প।
অন্যদিকে আগে থেকে থাকা সব ধরনের হাঁড়ি-পাতিল ব্যবহার করতে চান এবং গ্যাসের চুলার কাছাকাছি রান্নার অভিজ্ঞতা পছন্দ করেন, তাহলে ইনফ্রারেড কুকটপ আপনার জন্য বেশি সুবিধাজনক হতে পারে।
তবে যে চুলাটিই কিনুন, ব্যবহারের আগে প্রস্তুতকারকের নির্দেশনা মেনে চলা, সঠিক বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা এবং রান্নার পর চুলা সম্পূর্ণ বন্ধ আছে কি না—এসব বিষয় অবশ্যই খেয়াল রাখা উচিত।









