মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬

গরমে পুড়ছে দেশ, কুমিল্লাসহ যেসব জেলায় তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রি পর্যন্ত

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla -temperature
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। তীব্র গরমে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ, হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে সর্বত্র। এরই মধ্যে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কিছু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে।

দেশের আবহাওয়া নিয়ে কাজ করা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) সোমবার (২০ এপ্রিল) তাদের এক ফেসবুক পোস্টে জানায়, গত কয়েকদিন দেশের কিছু স্থানে মৃদু তাপপ্রবাহ চললেও মঙ্গলবার থেকে ২৫/২৬ এপ্রিল পর্যন্ত খুলনা, রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের বেশকিছু জেলায় তা মৃদুর পাশাপাশি মাঝারি ধরনের তাপপ্রবাহে রূপ নিতে পারে।

সংস্থাটির তথ্যমতে, বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, রাঙামাটি, খাগড়াছড়ি ও আশপাশের এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

এ সময় খুলনা ও রাজশাহী বিভাগের দু-একটি জেলায় স্বল্প সময়ের জন্য তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর সম্ভাবনাও রয়েছে।

এমন পরিস্থিতিতে হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিডব্লিউওটি। বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টার মধ্যে কড়া রোদ এড়িয়ে চলা, ঘরে বা ঠান্ডা স্থানে অবস্থান করার জন্য বলা হয়েছে।

এর আগে রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাঙামাটিতে রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একইদিন ঢাকায় তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনের ব্যবধানে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের মানদণ্ড অনুযায়ী, কোনো স্থানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মৃদু তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি তাপপ্রবাহ, ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ এবং ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়।

চলতি মাসে একাধিক দফায় তাপপ্রবাহের পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটির দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৫ ও ২৬ এপ্রিলের দিকে রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের বড় অংশে তাপপ্রবাহ মাঝারি থেকে তীব্র পর্যায়ে পৌঁছাতে পারে।

এদিকে গরমের এই তীব্রতা থেকে বাঁচতে পর্যাপ্ত পানি পান, হালকা পোশাক পরিধান এবং অপ্রয়োজনে বাইরে বের হওয়া এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন