
গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে কুমিল্লায় সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী শাখা।
শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় নগরীর কান্দিরপাড় টাউনহল মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিল-পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ। সমাবেশ পরিচালনা করেন মহানগরী সেক্রেটারি মু. মাহবুবুর রহমান।
সভাপতির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা সময়ের দাবি। তিনি ন্যায়বিচার, জবাবদিহি ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় জনগণকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য আব্দুস সাত্তার, মহানগরী সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, নাছির আহম্মদ মোল্লা এবং ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগরী সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত।
এ সময় কুমিল্লা মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী নজির আহম্মেদ, মোহাম্মদ হোসাইন, অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, অধ্যাপক রফিকুল ইসলাম, মু. শাহাদাত হোসাইন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি সাইফুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে টাউনহল মাঠ থেকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনোহরপুর এলাকায় গিয়ে শেষ হয়।









